আমাদের সৌরজগতের ‘কাছে’ এমন গ্রহ শনাক্ত করা গেছে, যার সঙ্গে পৃথিবীর অনেক মিল রয়েছে। সেখানে প্রাণের বিকাশের সম্ভাবনা উজ্জ্বল। ‘এক্সোপ্ল্যানেট’ পর্যায়ের গ্রহগুলোর পরিবেশ প্রাণ সৃষ্টির উপযুক্ত বলে ধরে নেওয়া হয়। এমনই এক ‘এক্সোপ্ল্যানেট’-এর আবিষ্কার নতুন করে আলোড়ন তুলেছে। সিগনাস নক্ষত্রমণ্ডলের গ্রহটি প্রায় ১,৪০০ আলোকবর্ষ দূরে। নাসার কেপলার স্পেস টেলিস্কোপ এর সন্ধান পেয়েছে। আপাতত নাম রাখা হয়েছে কেপলার-৪৫২ বি। গ্রহটি পৃথিবীর তুলনায় প্রায় ৬০ শতাংশ বড়। সেটি যে নক্ষত্রকে প্রদক্ষিণ করছে, সেটি আয়তন ও উত্তাপের নিরিখে সূর্যের মতো, তবে বয়স বেশি। এ বিষয়টি প্রাণের সম্ভাবনার জন্য বিশেষ তাৎপর্য রাখে। কারণ প্রায় ৬০০ কোটি বছর প্রাচীন নক্ষত্রের কাছে গ্রহটি এত সময় কাটিয়েছে। ফলে সেখানে প্রাণ সৃষ্টির সম্ভাবনা অনেক বেশি বলে মনে করেন বিজ্ঞানীরা। এর সঙ্গে নক্ষত্রের দূরত্ব পৃথিবী ও সূর্যের দূরত্বের তুলনায় সামান্য বেশি। এর পৃষ্ঠ বেশ পাথুরে, বায়ুমণ্ডল অত্যন্ত ঘন এবং সম্ভবত সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এর মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর প্রায় দ্বিগুণ। ২০০৯ সাল থেকে কেপলার টেলিস্কোপ আমাদের সৌরজগতের কাছের নক্ষত্রগুলোতে পৃথিবীর মতো গ্রহের খোঁজ করছে। এখন পর্যন্ত মোট ১,০৩০টি গ্রহ নিশ্চিতভাবে শনাক্ত করা গেছে। তা ছাড়া প্রায় ৪,৭০০ ‘প্রার্থী’ গ্রহ রয়েছে। ১১টি গ্রহের সঙ্গে পৃথিবীর বিশেষ মিল পাওয়া গেছে, যার মধ্যে ৯টির নক্ষত্র সূর্যের মতো। ব্রহ্মাণ্ডের এত গভীরে এর আগে অনুসন্ধান চালানো হয়নি। এটি আসলে গ্রহ কিনা, তা শতভাগ নিশ্চিত হতে আরও পর্যবেক্ষণ প্রয়োজন।