গত ৮ নভেম্বর দেশ রূপান্তরের একটি প্রতিবেদনে বলা হয়েছে শেয়ারবাজারে পতন থামছে না। ‘বাজার মূলধনে টান, এক সপ্তাহে নেই হাজার কোটি টাকা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে যে চিত্র উঠে এসেছে, তা সেই পুরনো চিত্র সামনে নিয়ে আসে, যা অস্বস্তির। প্রতিবেদনে বলা হয়েছে, ‘শেয়ারবাজারের পতন যেন থামছেই না। দিন যত যাচ্ছে, অবস্থা যেন আরও বেগতিক হচ্ছে। এর জের ধরে ভীত হয়ে শেয়ার ছেড়ে দিচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে কমে যাচ্ছে বাজার মূলধন। গত সপ্তাহেও এর ব্যতিক্রম হয়নি। সপ্তাহের বেশিরভাগ দিন বাজার মন্দা যাওয়ায় কমে গেছে বাজার মূলধন। তবে বিষয়টি নিয়ে ভয়ের কিছু নেই বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। তারা বলছেন, ধৈর্য ধরলে বাজারের বর্তমান যে চিত্র রয়েছে, তা বদলে যাবে।
১৩ নভেম্বর দেশ রূপান্তরেই বলা হয়েছে, কারও সঞ্চয়ের শেষ সম্বল, কারও সন্তানের ভবিষ্যৎ আবার কারও সংসারের চাকা ঘোরানোর একমাত্র অবলম্বন শেয়ারবাজার। অথচ বছরের পর বছর প্রাণহীন হয়ে আছে এ বাজার। দিনে দিনে বাজারটি পরিণত হয়েছে সস্তার বাজারে। শেয়ারবাজার ছাড়া কোনো বাজারেই সস্তা বা সঠিক দামে পণ্য মিলছে না। সব বাজারে যে পণ্যের যে মূল্য থাকার কথা, তার চেয়ে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। সস্তার বাজার হয়ে দাঁড়িয়েছে শেয়ারবাজার। ন্যূনতম যে দামে শেয়ারের লেনদেন হওয়ার কথা, সে দামও নেই।
গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে বিক্রির চাপের প্রভাবে নিম্নমুখী ছিল মূল্যসূচক। পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিনই কমেছে সূচক। এর প্রভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন থেকে কমেছে ৯২৩ কোটি টাকা। বাজার মূলধন ও সূচকে পতন দেখা গেছে, তবে এ সময়ে দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়েছে ১৭ শতাংশের বেশি।’ প্রতিবেদনে এ সংক্রান্ত প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমনের। তিনি বলেছেন, ‘দীর্ঘদিন বিনিয়োগকারীরা বড় ধরনের লোকসানের মধ্যে ছিলেন।
নতুন কমিশন দায়িত্ব দেওয়ার পর বাজার ভালো দিকে যাচ্ছে। আগে বাজারে অনেক নিম্নমানের আইপিও এসেছে, যা বাজারকে ক্ষতিগ্রস্ত করেছে। এই কমিশন চেষ্টা করছে ভালো মানের কোম্পানি বাজারে আনার। যা শেয়ারবাজার তথা বিনিয়োগকারীদের জন্য ভালো খবর। পাশাপাশি ট্রাম্পের ক্ষমতা কমে যাওয়ার কারণে বিশ্ব পরিস্থিতিও ভালো দিকে যাবে। যার প্রভাব আমাদের এখানেও পড়বে। তাই বিনিয়োগকারীদের ভয়ের কিছু নেই। আমি মনে করি, তারা এখন আশার আলো দেখতে পাচ্ছেন।’ নভেম্বর মাসের প্রথম সপ্তাহে শেয়ারবাজার প্রায় হাজার কোটি টাকার বাজার মূলধন কমে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে নানা মহল থেকে। বাজার মূলধন কমে গেলে শেয়ার সূচক কমে আসে। বাজার মূলধনের কোনো স্বকীয় সত্ত্বা নেই। বড় কোম্পানির একটি বাজার লট বিক্রি হলে, তা দিয়ে ওই কোম্পানির সেই দিনের মূলধন নির্ধারণ করা হয় যা বাজারের গতি-প্রকৃতি নির্ধারণে প্রয়োগ করা হয়। এই কথিত বৃদ্ধি বা কমে যাওয়ার অর্থ ধরাছোঁয়ার বাইরে। অতএব এ নিয়ে উদ্বেগের কারণ নেই। কেননা, প্রকৃত মূলধন উধাও হয়ে যায়নি। দীর্ঘদিন ধরে বাজারের অবস্থা একই রকম। সেন্ট্রাল ডিপোজিটির তথ্য অনুযায়ী, বিনিয়োগকারীর সংখ্যা প্রায় একই রকম রয়েছে। এর অন্যতম প্রধান কারণ, বছরের পর বছর বাজারে আইপিও আসছে না। শেয়ার মার্কেটের ফুসফুস হলো আইপিও। এই আইপিওর অভাবে মার্কেট ক্ষীণ হয়ে পড়েছে। কয়েকশ কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এখনো আইপিও নিয়ে নানা রকম পথ বাতলানোর চেষ্টা করছে বিএসইসি। বেশ কিছুদিন আগে পণ্যবিহীন রোড শো করে এলেন স্টক এক্সচেঞ্জের সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ মিলিতভাবে। ফলাফল অবশ্য শূন্য।
অবশ্য বর্তমান বিএসইসি কর্র্তৃপক্ষ জানিয়েছে, তারা উন্নতমানের নতুন কোম্পানি স্বল্প সময়ে আইপিওতে আনবে। খুবই ভালো কথা। বলা হচ্ছে, সময় কমিয়ে আনার জন্য এক জানালা ব্যবস্থা থাকবে। এই ব্যবস্থা তো প্রথম থেকেই থাকার কথা। যে কোম্পানি আইপিওতে যাবে, তার দায়িত্ব পূর্ণ তথ্যসংবলিত একটি খসড়া প্রসপেকটাস তৈরি করে স্টক এক্সচেঞ্জ এবং বিএসইসির কাছে পাঠাবে, তবে অনুমোদনের জন্য নয়। কোনো কোম্পানি যখন জনগণের আবেদন গ্রহণের জন্য চূড়ান্তভাবে প্রকাশ করবে, তখন এতে প্রদত্ত সব দায়িত্ব সংশ্লিষ্ট কোম্পানির, এর পূর্বে বিএসইসি বা স্টক এক্সচেঞ্জের কোনো মন্তব্য থাকে, তা তারা জানিয়ে দেবে। ১৯৮৭-৯০ সালে আংশিক বিরাষ্ট্রীয়করণের সময় বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি কোম্পানি এভাবেই আইপিওতে এসেছিল, যাদের অনেকে এখনো ব্লুচিপ হিসেবে স্টক এক্সচেঞ্জে অবস্থান করছে। স্টক এক্সচেঞ্জে কীভাবে শেয়ার লেনদেন হবে, তা স্টক এক্সচেঞ্জ কর্র্তৃপক্ষ ঠিক করবে। কিন্তু ফ্লোরপ্রাইজ নিয়ন্ত্রণ করার অজুহাতে বিএসইসি শেয়ারবাজারের অকল্যাণ সাধন করেছে। এখন অবশ্য এই কালাকানুন নেই।
ভবিষ্যতে আইপিও নিয়ে বেশি বিজ্ঞতা দেখাতে চাইবে না কর্তৃপক্ষ। বিশ্বে শেয়ারবাজার শুরু থেকে আইপিও চলে আসছে। এ নিয়ে নিত্যনতুন চিন্তা-ভাবনা করার কিছু নেই। বিশে^র সেরা ধনী ইলন মাস্ক একটি কোম্পানির বদৌলতে (স্পেসএক্স) বিলিয়নিয়ার থেকে ট্রিলিয়নিয়ারে উন্নীত হয়েছেন। আইপিওর মাধ্যমে মূলধন সংগ্রহ করলে সে অর্থটা সরাসরি রাষ্ট্রীয় পণ্য উৎপাদন ও পরিষেবায় ব্যয় হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের রেল বিভাগের উন্নতির বিশেষ ভূমিকা এই জনগণের অর্থ, যা আইপিওর মাধ্যমে সংগৃহীত হয়েছে। তবে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে বিশ্বব্যাপী। আগেই উল্লেখ করেছি, শেয়ারবাজার থেকে যে মূলধন সংগ্রহ করা হয়, তা রাষ্ট্রের সম্পদ বৃদ্ধিতে, পরিষেবায় ব্যয় করা হয়। ফলে রাষ্ট্রের সম্পদ বৃদ্ধি হয় তথা জনগণের আয় বৃদ্ধি পায়। করপোরেট কর্তারা সম্পদ বৃদ্ধির পথ থেকে সরে গেছেন। তাদের উদ্দেশ্য বিভিন্ন কৌশল প্রয়োগ করে অর্থনৈতিক ইনস্ট্রুমেন্টের সাহায্যে অর্থ সংগ্রহ করা। তবে বাংলাদেশে এখনো পুরোপুরি অর্থবাদের শিকার হওয়ার পূর্ণ সুযোগ আসেনি। ওষুধ, চামড়া থেকে উৎপাদিত দ্রব্যের যথেষ্ট বাজার রয়েছে। এই বাজার শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে। এখন নির্ভর করছে একদিকে উদ্যোক্তাদের আগ্রহ এবং আন্তরিকতা এবং অপরদিকে সরকারের তথা সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের। এখানে উল্লেখ করা প্রয়োজন, পোর্টফোলিও বিনিয়োগে সরকার কর্র্তৃক সব রকমের সুযোগ-সুবিধা এবং আর্থিক প্রেরণা দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও দেওয়া যেতে পারে। তবে প্রত্যক্ষ আর্থিক বিনিয়োগে গণবিমুখ আমলারা কতটা এগিয়ে আসেন বা আসবেন, তা বলা কঠিন। গণবিমুখ ব্রিটিশ আমলারা ভারত, পাকিস্তান এবং এই ভূখণ্ডের আমলাদের মধ্যে এই বীজ রোপণ করে গেছে, যা থেকে এরা আজও মুক্ত হতে পারেননি। ভারতের এক মহিলা আইএএস সদস্যের বইতে এক ‘নিষ্ঠুর’ জনবিমুখ আমলার কাহিনি পড়লাম। ভারতের এক অঞ্চল ভয়াবহ খরায় আক্রান্ত। স্থানীয় মন্ত্রী এসে আশু ত্রাণ প্রদানের কথা বলে গেছেন। এ ধরনের ত্রাণ প্রদানে কার্ডের প্রয়োজন। সেই খরাপীড়িত এলাকায় কীভাবে ত্রাণ দেওয়া যায়, সেটা ঠিক করতে সংশ্লিষ্ট সচিবের এক সপ্তাহ সময় লেগেছিল। এর পরিপ্রেক্ষিতে নতুন করে কি কোন মন্তব্যের প্রয়োজন আছে? এই হলো আমলাদের দায়িত্ব-কর্তব্য। এমতাবস্থায় আশঙ্কা জাগা খুব স্বাভাবিক যে, আমাদের শেয়ারবাজারের কল্যাণে তাদের কে, কী, কতটা করবেন!
আমরা বারবার বলে আসছি, বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে হবে এবং তাদের ভীতির কারণগুলো দূর করতে হবে। দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচিত এবং তা জরুরি হয়ে দাঁড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্র্তৃপক্ষের মতে, অতীতের নানা অনিয়ম, অদক্ষতা ও কারসাজি কাটিয়ে উঠতে সংস্কারের পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনই হলো মূল শর্ত। কথা ভালো, কিন্তু এর যদি যথাযথ প্রতিফলন বাজারে দৃশ্যমান না হয় তাহলে এমন আশা নিরর্থক। বিনিয়োগে যদি বিনিয়োগকারীরা ভয় পান বিদ্যমান অবস্থার কারণে তাহলে দায়িত্বশীলরা দায় এড়াবেন কী করে? এক্ষেত্রে সব আগে জরুরি সুশাসন ও অনিয়ম প্রতিরোধ। শুধু আস্থার সংকট কাটলেই যে বাজার ঘুরে দাঁড়াবে এর উদাহরণ তো আমাদের শেয়ারবাজারেই আছে। রাজনৈতিক স্থিতিশীলতাও এক্ষেত্রে খুব জরুরি। বাজারে ভালো শেয়ারের জোগানও বাড়াতে হবে। এজন্য ভালো কোম্পানি আনতে হবে। তবে বিনিয়োগকারীদের বলব বিনিয়োগ করতে হবে নিশ্চয় ভালো কোম্পানিতে ।
সুশাসনের আলো ছড়িয়ে, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে তা ধরে রাখতে হবে, শেয়ারবাজারের দায়িত্বশীলরা গুরুত্বের সঙ্গে তা আমলে রাখুন। অর্থনীতির শক্ত ভিত গড়ে তুলতে পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু আমাদের দেশে পুঁজিবাজার প্রায়ই অস্থিতিশীল হয়ে ওঠে। ফলে বিনিয়োগকারীরা আস্থা হারান এবং পুঁজিবাজার কাক্সিক্ষত ভূমিকা পালনে ব্যর্থ হয়। এর নিরসন ঘটাতে হবে বৃহৎ স্বার্থ ও প্রয়োজনে। মনে রাখা বাঞ্ছনীয়, ২০১০ সালের ধসের পর পুঁজিবাজারের প্রতি মানুষের নেতিবাচক ধারণা তৈরি হয়, যা এখনো অনেকাংশে কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এর জন্য সুশাসনের বিকল্প নেই।
লেখক : বাংলাদেশের প্রথম সরকারের কর্মকর্তা শেয়ারবাজার-বীমা ও ব্যাংক খাত বিশ্লেষক