বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি ইরানের

দক্ষিণ ইরানে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ কথা জানিয়েছে। তবে এ হামলার বিষয়ে আইআরজিসির দাবিকে নাকচ করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তারা বলেছে, বাহরাইনের দিকে পাঠানো ইরানের দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে; এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উপসাগরীয় মিত্রদের অনুরোধে তিনি ইরানের ওপর আরও হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। অবশ্য এর কয়েক ঘণ্টা আগেই তিনি বলেছিলেন যে, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলা চালাতে তিনি দ্বিধা করবেন না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা কমে আসায় তেলের দাম টানা দ্বিতীয় সপ্তাহের মতো নিম্নমুখী রয়েছে।

এদিকে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরানের ইসফাহানে অবস্থিত ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি নিয়ে তারা ‘ক্রমবর্ধমান উদ্বেগের’ মধ্যে রয়েছে। ২০২৫ সালের জুন মাসে ওই এলাকায় যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে তেহরান আইএইএকে সেখানে পরিদর্শনের অনুমতি দেয়নি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বৃহস্পতিবার সরকারি সূত্রের বরাতে জানায়, দেশটির হরমুজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের হামলা’ হয়েছে। এর কয়েক ঘণ্টা পর বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি করে আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসি এই হামলাকে ‘গুরুতর সতর্কবার্তা’ বলে অভিহিত করেছে। একই সঙ্গে শত্রুপক্ষকে আকাশপথে ধারাবাহিক উসকানিমূলক তৎপরতা ও হরমুজ প্রণালিতে তেল চোরাচালান বন্ধ করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের আগ্রাসী কর্মকান্ড আবার ঘটলে আইআরজিসির বাহিনী জবাব দিতে পুরোপুরি প্রস্তুত।’

বার্তা সংস্থা ফার্সও দাবি করেছে, আইআরজিসির মহাকাশ শাখা ওই রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটি ‘ধ্বংস করেছে’। তবে এ বিষয়ে ওয়াশিংটন বা মানামা থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। রাজধানী মানামার নেভাল সাপোর্ট অ্যাকটিভিটি ঘাঁটিতে অবস্থিত এই সদর দপ্তর মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর অভিযান পরিচালনার প্রধান কেন্দ্র। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুর দিকে এই সদর দপ্তরেও হামলা হয়েছিল। আলজাজিরার বিশ্লেষণ করা কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) ছবিতে দেখা গেছে, ঘাঁটির কয়েকটি রাডারে সরাসরি হামলা হয়েছিল। এ ছাড়া সেখানকার বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়।