দীর্ঘ ২১ বছর পর আবারও সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। ২০০৫ সালে পাকিস্তানের মাটিতে তাদের হারিয়েই সাফে সর্বশেষ ফাইনালে উঠেছিল লাল-সবুজের দল। এবার ঢাকার মাটিতে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে সেমিফাইনালের আগে আত্মবিশ্বাসী পাকিস্তানও। বাংলাদেশের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে আলাদা কোনো চিন্তা নেই বলে জানিয়েছেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট। বরং সেমিফাইনালকে ছাপিয়ে ভারতের বিপক্ষে ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন তিনি। আজ রাত সাড়ে ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার গুরুত্বপূর্ণ সেমিফাইনাল।
সেমিফাইনালের আগে গতকাল শুক্রবার অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন পাকিস্তানের ৩৭ বছর বয়সী গোলরক্ষক ইউসুফ বাট। বাংলাদেশের ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দু হামজা চৌধুরীকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘হামজা বা অন্য কাউকে নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলা।’ বাংলাদেশ দলে হামজার মতো তারকা ফুটবলার থাকলেও নিজেদের দল নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী ইউসুফ। আবদুল্লাহ ইকবাল, ঈসা সুমান, আদিল নবী ও আবদুল আরশাদের মতো প্রতিভাবান খেলোয়াড়দের কথা উল্লেখ করে তিনি জানান, পাকিস্তানেও রয়েছে বেশ কয়েকজন মানসম্পন্ন ফুটবলার। ফিফা উইন্ডোতে নতুন পাঁচজন খেলোয়াড় যুক্ত হওয়ায় দলের শক্তি আরও বেড়েছে বলেও মনে করেন তিনি। ইউসুফ বাটের ভাষ্য, ফুটবল ব্যক্তিগত কোনো খেলোয়াড়কে কেন্দ্র করে নয়, বরং দলীয় প্রচেষ্টাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্মিলিতভাবে মাঠে নেমে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চায় পাকিস্তান। এদিকে, ২০১৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপে ঢাকায় বাংলাদেশের কাছে ১-০ গোলে হারের স্মৃতিও ভুলে যেতে চায় পাকিস্তান। সেই ম্যাচে একটি আত্মঘাতী গোলের কারণে বাংলাদেশ ভাগ্যবান ছিল বলে মন্তব্য করেন ইউসুফ। এবার ফল নিজেদের পক্ষে নেওয়ার আশাবাদও জানিয়েছেন তিনি।
বাংলাদেশের সমর্থকদের গ্যালারির চাপ নিয়েও কথা বলেছেন পাকিস্তানের এই গোলরক্ষক। ঘরের মাঠে স্বাগতিক দলের সমর্থকদের উপস্থিতিতে বাড়তি চাপ তৈরি হলেও এবারের আসরে ভিএআর প্রযুক্তি থাকায় সন্তুষ্ট তিনি। তার মতে, ভিএআর মাঠের সিদ্ধান্ত গ্রহণকে আরও গোছানো করতে সহায়তা করবে। তবে বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালের আগেই পাকিস্তানের গোলরক্ষকের চোখ ফাইনালে। সেখানে ভারতের মুখোমুখি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। গ্রুপ পর্বে ভারতের কাছে হারের প্রসঙ্গ টেনে ইউসুফ জানান, সেই ম্যাচটি ছিল তাদের সাম্প্রতিক ১২-১৩ ম্যাচের মধ্যে সবচেয়ে বাজে পারফরম্যান্সগুলোর একটি। তাই ফাইনালে আবার ভারতের বিপক্ষে খেলার প্রত্যাশা রয়েছে তার। তবে আপাতত বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই মনোযোগ দিতে চান তিনি।
অন্যদিকে বাংলাদেশের জন্য এ সেমিফাইনাল শুধু ফাইনালে ওঠার লড়াই নয়, এটি ২১ বছরের অপেক্ষা ঘোচানোরও সুযোগ। ২০০৫ সালের ১৪ ডিসেম্বর করাচির পিপলস স্টেডিয়ামে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে সর্বশেষ সাফের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছিলেন ডিফেন্ডার মোহাম্মদ সুজন।
পাকিস্তানের মাটিতে পাওয়া সেই জয় বাংলাদেশের ফুটবল ইতিহাসে বিশেষ স্মৃতি হয়ে আছে। বিজয় দিবসের মাত্র দুই দিন আগে পাওয়া ওই সাফল্যে আনন্দে মেতেছিলেন ফুটবলার থেকে শুরু করে করাচিতে থাকা বাংলাদেশি সমর্থকরাও। এরপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। এই সময়ে আটটি সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েও আর ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। কখনো গ্রুপ পর্বে, কখনো সেমিফাইনালে থেমেছে দলের যাত্রা। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর সামনে দাঁড়িয়ে হামজা-জামালরা।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অতীত পরিসংখ্যানও বেশ আশাব্যঞ্জক। দুই দলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের জয় আটটি, পাকিস্তানের পাঁচটি। বাকি পাঁচ ম্যাচ হয়েছে ড্র। ১৯৯৯ সালের সাফে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এ ছাড়া ২০১১ সালের বিশ্বকাপ বাছাই পর্বে ঢাকায় ৩-০ গোলের জয় এবং ২০১৮ সালের সাফে ১-০ গোলের সাফল্য রয়েছে লাল-সবুজের দলের।
তবে অতীতের জয় কিংবা পরিসংখ্যান দিয়ে সেমিফাইনাল জেতা সম্ভব নয়। পাকিস্তান দলেও বিদেশি লিগে খেলা বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন। গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও মালদ্বীপকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে তারা।
সব মিলিয়ে দুই দলের সামনে ভিন্ন দুটি স্বপ্ন। বাংলাদেশের লক্ষ্য ২১ বছর পর আবারও সাফের ফাইনালে জায়গা করে নেওয়া, আর পাকিস্তানের স্বপ্ন ফাইনালে উঠে ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামা। হামজাকে নিয়ে মাথাব্যথা নেই বলে আত্মবিশ্বাস দেখিয়েছেন ইউসুফ বাট। এবার সেই আত্মবিশ্বাসের জবাব মাঠে দিতে প্রস্তুত বাংলাদেশ। শেষ পর্যন্ত কার স্বপ্ন পূরণ হবে, তার উত্তর মিলবে শনিবার রাতের লড়াইয়ে।