সাফে পাকিস্তানের বিপক্ষে আজ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলকে শতভাগ প্রস্তুত থাকার তাগিদ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলি। প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের সামর্থ্যরে ওপর আস্থা রাখছেন তিনি। একই সঙ্গে সমর্থকদের কাছ থেকে আরও বেশি সমর্থন প্রত্যাশা করেছেন এই কোচ। তার আশা, জাতীয় স্টেডিয়ামের গ্যালারি পূর্ণ করে খেলোয়াড়দের উজ্জীবিত করবেন দর্শকরা।
আজ জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন গতকাল অনুশীলনে দলের প্রস্তুতি, সাদ উদ্দিনের অনুপস্থিতি, পাকিস্তানের শক্তিমত্তা এবং খেলোয়াড়দের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন ডুলি। চোট বা অন্য কারণে সাদ উদ্দিনকে না পাওয়াকে দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ। তার মতে, সাদ ডান প্রান্তে যেমন শক্তিশালী রক্ষণভাগের খেলোয়াড়, তেমনি আক্রমণেও কার্যকর। অনুশীলন থেকে শুরু করে মাঠে নামা পর্যন্ত সব সময় নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করেন তিনি, ‘আগামীকাল (আজ) তাকে আমরা মিস করব। তবে অন্য একজনকে দিয়ে সেই ঘাটতি পূরণ করতে হবে। যে খেলবে, সে-ও সাদের মতো পারফর্ম করে দলকে সফল হতে সাহায্য করবে বলে আমার বিশ্বাস।’
পাকিস্তান দলে নতুন করে যোগ হওয়া চার-পাঁচজন খেলোয়াড় নিয়েও সতর্ক বাংলাদেশ কোচ। বিশেষ করে ইউরোপের বিভিন্ন পর্যায়ে খেলা প্রবাসী ফুটবলারদের সামর্থ্যকে গুরুত্ব দিচ্ছেন তিনি। ডুলির চোখে, পাকিস্তান এখন বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ। তিনি বলেন, ‘শুরু থেকেই বলেছি, প্রতিটি দলই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক প্রতিপক্ষ। পাকিস্তান হয়তো এখন আমাদের জন্য সবচেয়ে কঠিন দল। এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে তারা ভালো ফল করেছে এবং দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছে। তাই তাদের কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আমাদের শতভাগ প্রস্তুত থাকতে হবে।’
তবে নিজেদের দল নিয়েও আশাবাদী ডুলি। আগের ম্যাচে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘দুই রাত আগে আমরা যে ম্যাচ খেলেছি, তাতে আমি দলের পারফরম্যান্সে খুব খুশি। আমাদের একইভাবে লড়াই করতে হবে এবং সমর্থকদের দেখাতে হবে যে, আমরা ফুটবল খেলতে জানি, লড়াই করতেও জানি। পাকিস্তানকে বোঝাতে হবে, আমাদের হারানো সহজ নয়। তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে। তবে এটি হবে লড়াই, আর আমরা চেষ্টা করব ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে রাখতে।’ পাকিস্তানের এক স্ট্রাইকারের তিন গোল করার বিষয়টি নিয়েও উদ্বেগ নেই ডুলির। বরং নিজেদের রক্ষণভাগের ওপর আস্থা রাখছেন তিনি। তার দাবি, এখন পর্যন্ত প্রতিপক্ষকে গোল করতে না দেওয়ায় রক্ষণভাগ ম্যাচের সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী হচ্ছে। ডুলির ভাষায়, ‘আমি কাউকে নিয়েই উদ্বিগ্ন নই। আমাদের রক্ষণভাগ শক্তিশালী। এখন পর্যন্ত কেউ আমাদের বিপক্ষে গোল করতে পারেনি। খেলোয়াড়রা একে অপরের সঙ্গে আরও ভালোভাবে মানিয়ে নিচ্ছে। ব্যক্তিগতভাবেও আমাদের ডিফেন্ডাররা শক্তিশালী এবং ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে ভালো। শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করবে কারা বেশি জিততে চায় তার ওপর। আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি, আমাদের চেয়ে বেশি জয়ের ক্ষুধা নিয়ে কেউ মাঠে নামবে না।’
আগের ম্যাচে চার গোল পাওয়ায় আক্রমণভাগ নিয়েও স্বস্তি প্রকাশ করেছেন বাংলাদেশ কোচ। তবে প্রচলিত ‘নাম্বার নাইন’ ধারণার বাইরে গিয়ে খেলোয়াড়দের ভূমিকা ব্যাখ্যা করেছেন তিনি। ইব্রাহিমকে প্রকৃত নাম্বার নাইন না বলে নাম্বার টেন ও ইলেভেন হিসেবে উল্লেখ করেন ডুলি। তার মতে, ইব্রাহিমের বিশেষত্ব হলো প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করা এবং গোলের জন্য ঝুঁকিপূর্ণ জায়গায় ঢুকে পড়া। ফাহাদের ড্রিবলিং ও বক্সে দ্রুত পা চালানোর প্রশংসা করে ডুলি বলেন, ‘চার গোল করতে পারাটা অবশ্যই স্বস্তির। ফাহাদ দারুণ করেছে। পেনাল্টি বক্সে তার ড্রিবলিং প্রতিপক্ষের ডিফেন্ডারদের সতর্ক থাকতে বাধ্য করে। দ্রুত পা এবং ভালো টেকনিকের কারণে সে আমাদের জন্য বাড়তি সুবিধা তৈরি করে।’
এ ছাড়া বদলি হিসেবে মাঠে নেমে তপু বর্মণের গতিময় পারফরম্যান্সেও মুগ্ধ কোচ। তিনি জানান, শ্রীলঙ্কার খেলোয়াড়দের কাছ থেকেও তপু প্রশংসা পেয়েছেন। তবে আগের ম্যাচের সাফল্যে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে পাকিস্তানের বিপক্ষে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ডুলির মতে, বাংলাদেশের আক্রমণভাগে একাধিক খেলোয়াড় বিপজ্জনক হওয়ায় প্রতিপক্ষ শুধু একজনকে আটকে রাখলেই চলবে না।
এদিকে তপু বর্মণ, সোহেল রানা ও বিশ্বনাথ ঘোষের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেছেন বাংলাদেশ কোচ। তিনজনই খেলতে আগ্রহী বলে জানিয়েছেন তিনি। তবে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা তপুকে নিয়ে সতর্ক ডুলি। তার মতে, দলে ফেরার আগে পর্যাপ্ত অনুশীলন ও ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পাওয়া জরুরি। তপু সম্পর্কে ডুলি বলেন, ‘সে এখন আমাদের সঙ্গে অনুশীলন করছে। তার পায়ে কোনো ব্যথা নেই, নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করছে বলেও জানিয়েছে। প্রয়োজন হলে সে প্রস্তুত। তবে দীর্ঘদিন বাইরে থাকার পর হঠাৎ করেই মাঠে নামা যায় না। অনুশীলনে পারফরম্যান্স দেখাতে হয়। দলের তরুণ খেলোয়াড়রাও সুযোগ পেয়ে ভালো করছে। তবে রক্ষণভাগে কোনো সমস্যা হলে তপু আমাদের জন্য প্রস্তুত আছে।’