জয় ছাড়া ভাবছে না ভারত

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে দীর্ঘ ১৮ বছর পর জায়গা করে নেওয়া ভুটানকে মোটেও হালকাভাবে নিচ্ছে না ভারত। প্রতিপক্ষের গতি, কৌশল ও প্রতি-আক্রমণের সামর্থ্য নিয়ে সতর্ক ভারতীয় শিবির। তবে ভুটানকে সমীহ করলেও সেমিফাইনালে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না ভারতের কোচ নওশাদ মুসা। আজ বিকেল সাড়ে ৩টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান। সাফের ইতিহাসে সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে, ১৮ বছর পর শেষ চারে উঠে নতুন ইতিহাস গড়েছে ভুটান। দুই দলের অভিজ্ঞতা ও সাফল্যে পার্থক্য থাকলেও প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ভারতীয় কোচ। ম্যাচের আগে নওশাদ মুসা বলেন, এই মুহূর্তে তার পুরো মনোযোগ ভুটানকে ঘিরে। কীভাবে ভালো ফুটবল খেলে ম্যাচটি জেতা যায়, সেটিই এখন প্রধান লক্ষ্য।