বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনার নিজের থেকে দেশে ফেরার বা প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই, তাকে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হবে।’ গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, “ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ কোনো প্রক্রিয়ায় নয়, বরং বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ‘প্রত্যর্পণ চুক্তির’ আইনি কাঠামোর মাধ্যমেই দেশে ফিরিয়ে আনতে হবে।”
তিনি স্পষ্ট করে বলেছেন, জুলাই-আগস্টের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে তাকে দেশে ফিরিয়ে এনে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।
শেখ হাসিনার দেশে ফেরার আইনি প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে ‘প্রত্যাবর্তন’ ও ‘প্রত্যর্পণের’ মধ্যে থাকা মূল পার্থক্য তুলে ধরে রিজভী বলেন, “শেখ হাসিনা নাকি দেশে আসতে চাচ্ছেন। তার আইনজীবীরা তার জন্য পাসপোর্ট, ভিসা ও এনআইডি কার্ড চাইছেন। কিন্তু তিনি তো সাধারণ কোনো নাগরিক হিসেবে দেশ ছাড়েননি যে চাইলেই ‘প্রত্যাবর্তন’ করবেন। প্রত্যাবর্তন হচ্ছে নির্দোষ ব্যক্তির জন্য। আর যার বিরুদ্ধে রাষ্ট্রে হাজারো হত্যার মামলা, দন্ড- বা গুরুতর অপরাধের অভিযোগ থাকে, তার ক্ষেত্রে হয় ‘প্রত্যর্পণ’।”
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তাকে বিচারের আওতায় আনা হবে। একজন অপরাধীকে ফেরত আনার জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের সুনির্দিষ্ট আইনি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির বিধি-বিধান মেনেই তাকে আইনি প্রক্রিয়ায় দেশে আসতে হবে। পাসপোর্ট, ভিসা বা এনআইডি কার্ডের দাবি এখানে একেবারেই অবান্তর ও তুচ্ছ।’
শেখ হাসিনার শাসনামলের কঠোর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘জুলাই অভ্যুত্থানে অসংখ্য ছাত্র-জনতাকে হত্যার সঙ্গে তিনি সরাসরি জড়িত। এখানে তার বিচার চলছে এবং সেই আইনি প্রক্রিয়ার ভেতর দিয়েই তাকে আসতে হবে। বিচারে যে দন্ড হবে, তা তাকে ভোগ করতে হবে। কিন্তু উনার হাবভাব দেখে মনে হচ্ছে উনি যেন বাবার বাড়ি বা শ্বশুরবাড়ি গেছেন! যেন উনাকে গোলাপ-হাসনাহেনা-বেলি ফুলের সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনতে হবে। এমনটি ভাবার কোনো সুযোগ নেই।’
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিএনপির ও মহিলা দলের অন্য কেন্দ্রীয় ও প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।