বুকের মধ্যে অসুস্থ বোধ হয়। বুক ছটফট করে। শরীরে অস্বস্তি লাগে। পায়ে পানি জমেছে। এ ছাড়া আরও নানা সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যান রহিমা বেগম (৬০)। চিকিৎসক জানতে চান ডায়বেটিস আছে কি না? ডায়বেটিসের পরীক্ষা আগে করিয়েছেন কি না? রহিমা বেগমের ছেলে ফজলুল হামিদ জানান, তার মায়ের কখনো ডায়াবেটিস পরীক্ষা করানো হয়নি। অন্য পরীক্ষার সঙ্গে চিকিৎসক রহিমা বেগমের ডায়াবেটিসের পরীক্ষাও করতে দেন। পরীক্ষার রিপোর্টে দেখা যায় তিনি ডায়াবেটিসে আক্রান্ত।
শুধু রহিমা বেগম নন; আক্রান্তদের ৫০ শতাংশই জানেন না তাদের ডায়াবেটিস হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এভাবেই অন্য রোগের পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ছে রক্তে শর্করার মাত্রা বেশি।
আবার কেউ চিকিৎসকের কাছে যাচ্ছেন কিডনি, চোখ কিংবা হৃদযন্ত্রের জটিলতা দেখা দেওয়ার পর। চিকিৎসকদের মতে, এতে রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু করতে দেরি হচ্ছে। বাড়ছে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি।
এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করাই ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’-এর প্রধান লক্ষ্য। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন পৃথক বাণী দিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, মানবদেহে কোনো কারণে ইনসুলিন নামক হরমোনের অভাব বা ঘাটতি হলে কিংবা উৎপাদিত ইনসুলিন কার্যকরভাবে শরীরে ব্যবহৃত না হলে বা শরীরের ইনসুলিন নিষ্ক্রিয় থাকলে রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। এই গ্লুকোজ পরে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে আসে। এ অবস্থাকেই ডায়াবেটিস বলে। ডায়াবেটিস সারাজীবনের রোগ। একবার হলে তা কখনো সারে না। কিন্তু এটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণযোগ্য। ডায়াবেটিস সম্পর্কে ভালোভাবে জানতে পারলে একে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সহজ হয়।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক একে আজাদ খান বলেন, যাদের ডায়াবেটিস আছে এবং যাদের ডায়াবেটিস নেই উভয়কেই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য ডায়াবেটিস সম্পর্কে জানতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশে ডায়াবেটিসের প্রকৃত চিত্র নিয়ে দুটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (নিপোর্ট) বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ-২০২২ অনুযায়ী, ডায়াবেটিসে আক্রান্ত নারীর ৬৭ শতাংশ এবং পুরুষের ৭২ শতাংশ নিজেদের রোগ সম্পর্কে জানতেন না। অর্থাৎ জরিপে শনাক্ত হওয়া আক্রান্তদের বড় অংশই ছিলেন এ বিষয়ে অজ্ঞ।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের ডায়াবেটিস অ্যাটলাসে ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ১ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার মানুষ ডায়াবেটিসে আক্রান্ত বলে অনুমান করা হয়েছে। তাদের মধ্যে ৩৯ দশমিক ১ শতাংশ বা প্রায় ৫৪ লাখ ২৬ হাজার মানুষ রোগ সম্পর্কে জানেন না।
আইডিএফের হিসাব অনুযায়ী, বাংলাদেশে ২০০০ সালে ২০ থেকে ৭৯ বছর বয়সী ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় ১৮ লাখ। ২০১১ সালে তা বেড়ে দাঁড়ায় ৮৪ লাখে। ২০২৪ সালে এ সংখ্যা প্রায় ১ কোটি ৩৯ লাখে পৌঁছেছে। বিশ্ব র্যাংকিংয়ে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশে^ ৭ম স্থানে রয়েছে। ২০৫০ সালে দেশে এই বয়সী ডায়াবেটিস রোগীর সংখ্যা ২ কোটি ৩০ লাখ ছাড়াতে পারে। অর্থাৎ আগামী কয়েক দশকে রোগীর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বাড়বে চিকিৎসা, ওষুধ ও দীর্ঘমেয়াদি পরিচর্যার চাপ।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত নারীর ও গর্ভস্থ শিশুর টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তা ছাড়া গর্ভকালে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ না করা হয়, তবে তাদের পরবর্তী সময়ে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আরও বেশি। এ অবস্থায় পরিকল্পিত গর্ভধারণ ও গর্ভকালে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলে টাইপ-২ ডায়াবেটিস অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।
বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পরিচালক অধ্যাপক মো. ফারুক পাঠান বলেন, সারা বিশ্বে ডায়াবেটিস একটি প্রধান অসংক্রামক ব্যাধি এবং অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা, যা পুরো বিশ্বে ক্রমবর্ধমান স্বাস্থ্যগত চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। কারণ এটি ব্যক্তি, পরিবার, সমাজ এবং প্রতিটি দেশে জাতীয় স্বাস্থ্য ক্ষেত্রে ও অর্থনৈতিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলছে। বিশেষ করে বাংলাদেশের মতো নিম্ন আয়ের এবং মধ্য আয়ের দেশে অর্ধেক মানুষই জানে না তারা ডায়াবেটিসে আক্রান্ত। কারণ প্রাথমিক অবস্থায় এ রোগের কোনো লক্ষণ প্রকাশ পায় না। ফলে ৬০ থেকে ৭০ শতাংশ মানুষের রোগ নির্ণয়ের বাইরে থাকে। প্রায় ৫০ শতাংশ মানুষের কিছু জটিলতা হলে পরে ডাক্তারের কাছে যায়।
তিনি বলেন, দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে বাস্তব চিত্র আরও ভয়াবহ। আমাদের সাম্প্রতিক পরিসংখ্যানে প্রাপ্তবয়স্কদের মধ্যে শতকরা ২৫ জন ডায়াবেটিসে আক্রান্ত এবং বেশিরভাগ লোক জানেই না যে তাদের ডায়াবেটিস আছে। আমাদের পরিসংখ্যানে দেখা গেছে, শনাক্তকরণের সময় ৫৩ শতাংশ রোগী অন্তত একটি জটিলতায় ভুগছে। যার মধ্যে অন্যতম হলো স্নায়ুরোগ, কিডনি, চোখ ইত্যাদি ৪০ শতাংশ, হৃদরোগ বা বৃহৎ রক্তনালির জটিলতা ১০ শতাংশ, আক্রান্ত রোগীদের ৫৫ শতাংশ আগে শনাক্ত হয়নি। তাই রোগ নির্ণয়ে বিলম্ব না করে দ্রুত চিকিৎসকের কাছে আসা উচিত।
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার খেলে শারীরিক পরিশ্রম না করলে, নিয়মিত শরীরচর্চা না করলে স্বাভাবিকের চাইতে মাত্রাতিরিক্ত ওজন বেড়ে গেলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। বছরে অন্তত দুবার ডায়াবেটিস পরীক্ষা করা ভালো। যত দ্রুত ডায়াবেটিস শনাক্ত করা যাবে এবং চিকিৎসা শুরু করা যাবে ডায়াবেটিসের জটিলতা এড়ানো তত সহজ হবে। যদি কোনো কারণে ডায়াবেটিস হয়েই যায় তবে ডায়াবেটিসের জটিলতা সম্পর্কে সচেতন হতে হবে এবং চিকিৎসকের পরামর্শমতো ওষুধ বা ইনসুলিন গ্রহণ করতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেইলিউর, অন্ধত্ব ও অঙ্গচ্ছেদের মতো মারাত্মক এবং প্রাণঘাতী ঝুঁকি থাকে। নিয়মিত ব্যায়াম করলে, মানসিক চাপমুক্ত থাকলে, সুষম খাদ্য খেলে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ ও ইনসুলিন গ্রহণ করলে এবং সুশৃঙ্খল জীবনযাপন করলে ডায়াবেটিসজনিত জটিলতা থেকে মুক্ত থাকা সম্ভব। এমনকি স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করাও সম্ভব।
মসজিদে ডায়াবেটিস কর্নার করবে ডায়াবেটিক সমিতি
দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে সংবাদ সম্মেলন আয়োজন করে। এতে সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন বলেন, বাংলাদেশসহ পৃথিবীতে এমন পরিবার নেই, যে পরিবারে অন্তত একজন ডায়াবেটিস রোগী অথবা ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন এমন মানুষ নেই। ফলে আমাদের পরিবারকে ডায়াবেটিস থেকে রক্ষা করতে হলে এ বিষয়ে সচেতনতা যেমন সৃিষ্ট করতে হবে, তেমনি বেশ কিছু উদ্যোগও আমাদের নিতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের প্রতিটি উপজেলায় অন্তত একটি মসজিদে ডায়াবেটিস কর্নার করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ১০০ মসজিদে ডায়াবেটিস কর্নার প্রতিষ্ঠা করা হয়েছে। এ ছাড়া সমিতির অনন্য কিছু প্রকল্প কাজীদের সম্পৃক্ত করে ‘গর্ভধারণ-পূর্ব সেবা’: বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস প্রতিরোধে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও টেকসই কর্মসূচি গ্রহণ করেছে। সারা দেশে স্থাপিত ৫৪টি ‘গর্ভধারণপূর্ব সেবাকেন্দ্র’ থেকে নারীরা স্বল্পমূল্যে গর্ভধারণ সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারছেন।
বাংলাদেশেও রোগী বাড়ছে, যা উদ্বেগের প্রধানমন্ত্রী
বিশ্ব ডায়াবেটিস দিবসের বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নগরায়ণের প্রভাবে আমাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন ঘটেছে। একই সঙ্গে কায়িক পরিশ্রমের অভাবে ডায়াবেটিসের প্রকোপ দিন দিন বাড়ছে। তাই ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা আমাদের জন্য উদ্বেগের বিষয়।
তিনি বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতি বছরের মতো এবারও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করে। গত দুই দশক ধরে বিশ্বব্যাপী এ দিবস পালিত হয়ে আসছে, যা আমাদের জন্য গৌরবের বিষয়।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতেও সমিতি তার সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করবে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
কর্মসূচি
দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি নানা কর্মসূচি গ্রহণ করেছে। সারা দেশে ডায়াবেটিস সম্পর্কিত সচেতনতামূলক পোস্টার, লিফলেট, স্টিকার বিতরণ ছাড়াও শনিবার সকাল সাড়ে ৮টায় শাহবাগে বারডেম কার পার্কিং থেকে টেনিস ক্লাবের গেট পর্যন্ত রোড শোর (প্ল্যাকার্ড হাতে সড়কের একপাশে অবস্থান কর্মসূচি) আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় বারডেম অডিটরিয়ামে বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব এবং দুপুর সাড়ে ১২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৮ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী বারডেম ক্যাম্পাসে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় কর্মসূচি নেওয়া হয়েছে।