দেশজুড়ে চলমান অস্থিরতার সুযোগ নিয়ে ফের সক্রিয় হয়ে উঠছে আত্মগোপনে থাকা আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীরা। তাদের সঙ্গে এবার যুক্ত হয়েছে অন্য অপরাধী চক্রও। সরকারকে বেকায়দায় ফেলতে সামাজিক ও রাজনৈতিক এই অস্থিরতায় হাত মিলিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কতিপয় নেতা। তাদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে থেকে দিকনির্দেশনা দিচ্ছেন। সূত্র বলছে, শীর্ষ সন্ত্রাসীদের অনেকে দেশের বাইরে অবস্থান করলেও বাংলাদেশে থাকা সহযোগীরা তাদের নির্দেশনা মোতাবেক কাজ করছে। এ খাতে বড় অঙ্কের অর্থ ঢালছেন আওয়ামী লীগের পলাতক নেতারা। পুলিশ সদর দপ্তরের একটি গোপন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বলা হয়েছে, এই চক্রের মধ্যে কিছু পুলিশ সদস্যদের যোগসাজশের আলামতও স্পষ্ট হয়ে উঠেছে। তাদের বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
গত কয়েকদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল থেকে বোমা হামলা, অগ্নিসংযোগ এবং টার্গেট কিলিংয়ের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সাম্প্রতিক অভ্যন্তরীণ গোয়েন্দা প্রতিবেদনেও এই চিত্র পাওয়া গেছে। তারই আলোকে গত বৃহস্পতিবার দুপুরে পুলিশের উচ্চপর্যায়ের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠক থেকে নতুন করে রেঞ্জ ডিআইজি, সব জেলার পুলিশ সুপার ও ইউনিট প্রধানদের কাছে কঠোর বার্তা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, যেসব স্থানে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে সেখানকার দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা হবে।
অপরাধ বিশ্লেষক ও গোয়েন্দা সূত্রগুলোর দাবি, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা নতুন ছকে মাঠ দখলের লড়াইয়ে নেমেছে। এর পেছনে বিপুল পরিমাণ কালোটাকা ঢালা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক ইন্ধনদাতাদের বিষয়টিও এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির দেশ রূপান্তরকে বলেন, দেশের শান্ত পরিবেশকে একটি নিষিদ্ধ রাজনৈতিক দল ভয়ংকর অপরাধীদের ব্যবহার করে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে বলে তথ্য পেয়েছি। তবে তাদের সেই আশা পূরণ হবে না। বোমাবাজসহ অন্য অপরাধীদের ধরতে পুলিশের সবকটি ইউনিট কাজ করছে। যারা তাদের অর্থায়ন করছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ইতিমধ্যে আমরা বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছি। পাশাপাশি আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের বিষয়েও সতর্কদৃষ্টি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
কথা হয় পুলিশের আরও কয়েকজন পদস্থ কর্মকর্তার সঙ্গে। তারা দেশ রূপান্তরকে জানায়, দেশজুড়ে ককটেল হামলা, যানবাহনে অগ্নিসংযোগ, পুলিশের স্থাপনায় হামলা এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার ঘটনা নতুন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তবে রাজধানী থেকে শুরু করে বিভিন্ন জেলা-উপজেলায় সংগঠিত এসব ঘটনা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নাকি পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার বৃহত্তর কোনো চক্রান্ত তা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।
সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে তদন্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর সংশ্লিষ্টতার অভিযোগ সামনে এনেছে পুলিশ। তবে এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছার মতো পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত এখনো পাওয়া যায়নি। একই সঙ্গে অপরাধজগতের পুরনো যোগাযোগ, স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী, অর্থের জোগানদাতা এবং রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের সম্ভাব্য সম্পর্কও তদন্তের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি আন্ডারওয়ার্ল্ডের তৎপরতা বাংলাদেশের নিরাপত্তা জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। এসব সহিংসতা নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থদাতা, পৃষ্ঠপোষক ও সক্রিয় সদস্যদের শনাক্ত করতে না পারলে পরিস্থিতির সুযোগ নিয়ে অপরাধীরা আরও শক্তিশালী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
খোঁজা হচ্ছে অপরাধের অর্থের উৎস : সাম্প্রতিক নাশকতা ও অপরাধমূলক কর্মকা-ের জন্য বিপুল পরিমাণ অর্থের জোগান কোত্থেকে আসছে, তা নিয়ে গভীর অনুসন্ধানে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পলাতক শীর্ষ সন্ত্রাসীরা বর্তমানে সরাসরি ব্যাংকিং চ্যানেল এড়িয়ে হুন্ডি এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশে অর্থ পাঠাচ্ছে। এ ছাড়া দেশের ভেতরে থাকা বিভিন্ন ব্যবসায়িক সিন্ডিকেট, পরিবহন খাত এবং নির্মাণশিল্পের একটি অংশ থেকে আদায় করা চাঁদার অর্থ সরাসরি এই নাশকতায় ব্যয় করা হচ্ছে।
ভাড়াটে অপরাধীদের পারিশ্রমিক : অনুসন্ধানে দেখা গেছে, প্রতিটি ককটেল বিস্ফোরণ বা ঝটিকা মিছিলে অংশ নেওয়ার জন্য ভাসমান অপরাধী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের নগদ ৫ হাজার থেকে শুরু করে ক্ষেত্রবিশেষে ৫০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে খোলা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ লেনদেন হচ্ছে। প্রতিটি লেনদেনের পরপরই সংশ্লিষ্ট সিম কার্ড ও অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, ফলে মূল অর্থদাতাদের শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের।
পুলিশের কতিপয় কর্মকর্তাদের সন্দেহ : অপরাধী চক্রের পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরের একটি অংশের নিষ্ক্রিয়তা ও যোগসাজশের অভিযোগ উঠেছে। পুলিশ সদর দপ্তরের উচ্চপর্যায়ের একটি সূত্র নিশ্চিত করেছে, মাঠপর্যায়ের কতিপয় কর্মকর্তার রহস্যজনক ভূমিকা নিয়ে ইতিমধ্যে গোপনে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, সাম্প্রতিক অস্থিরতার সুযোগ নিয়ে কিছু অসাধু কর্মকর্তা পেশাদার অপরাধী ও চিহ্নিত সন্ত্রাসীদের সঙ্গে গোপন সমঝোতায় জড়িয়েছেন। অপরাধীদের অবাধ বিচরণের পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরের ওই অংশের নিষ্ক্রিয়তা ও যোগসাজশের অভিযোগও রয়েছে। পুলিশ সদর দপ্তরের উচ্চপর্যায়ের একটি সূত্র বলছে, সাম্প্রতিক অস্থিরতার সুযোগ নিয়ে কিছু অসাধু কর্মকর্তা পেশাদার অপরাধী ও চিহ্নিত সন্ত্রাসীদের সঙ্গে গোপন সমঝোতায় জড়িয়ে পড়েছেন। ‘অভিযানের আগাম তথ্য ফাঁস হয়ে যাওয়ার কারণে বেশ কয়েকটি বড় অপারেশন ব্যর্থ হয়েছে। চিহ্নিত সন্ত্রাসীরা নির্দিষ্ট এলাকায় অবস্থান করার পরও পুলিশ পৌঁছানোর আগেই তারা সটকে পড়ছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং ভেতরের কারও সহায়তা ছাড়া এটি সম্ভব নয়’।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তরে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা হয়েছে। একটি রাজনৈতিক দলের ইন্ধনে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা দেশে অপকর্ম চালাচ্ছে। অনেকে ভাড়ায় খাটছে। তবে প্রকৃত বোমা ও ককটেলবাজদের ধরা সম্ভব হয়নি তা সত্য। যাদের ধরা হয়েছে তারা শুধু বাহক।
পুরনো সন্ত্রাসীদের ফিরে আসার আশঙ্কা : আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তনের সুযোগে আগে আত্মগোপনে থাকা কিংবা জামিনে মুক্তি পাওয়া অপরাধীদের কেউ কেউ আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করা সন্ত্রাসীদের পুরনো অনুসারীরাও নতুন করে সংগঠিত করছে বলে পুলিশের একটি প্রতিবেদনে বলা হয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, পুরনো মামলার আসামিদের বর্তমান অবস্থান, অপরাধমূলক কর্মকান্ড এবং নতুন করে কোনো গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ তৈরি হয়েছে কি না, তা যাচাইয়ে আইনের আওতায় আনা। একই সঙ্গে যারা রাজনৈতিক পরিবর্তনের পর নিজেদের পরিচয় বদলে অপরাধ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নিরাপদ লোকজনও হচ্ছে হয়রানি : নিরপরাধ ব্যক্তিদের মামলায় জড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায় এবং প্রকৃত অপরাধীদের আড়াল করার মতো গুরুতর অভিযোগও জমা পড়েছে সদর দপ্তরের মনিটরিং সেলে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় অনেক নিরপরাধ লোকজনকে আটক করা হয়েছে, তাদের মধ্য বেশিরভাগই নিরপরাধ বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশ না করে এক ভুক্তভোগীর পরিবার জানান, চার দিন আগে শাহবাগ এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের পুলিশ আটক করে। পরে ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান করে দেয়। অথচ তিনি এই ঘটনায় জড়িত ছিলেন না। এভাবে নিরপরাধ লোকজনকে আটক করলে কীভাবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে!
এসপিদের প্রতি সদর দপ্তরের কঠোর সতর্কবার্তা : রাজধানীর পাশাপাশি মফস্বল শহরগুলোতেও যাতে আন্ডারওয়ার্ল্ডের এই নেটওয়ার্ক বিস্তার লাভ করতে না পারে, সেজন্য দেশের সব জেলার পুলিশ সুপারদের (এসপি) প্রতি বিশেষ সতর্কবার্তা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গত বৃহস্পতিবার পাঠানো এক গোপনীয় বার্তায় জেলা পর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাত দফা নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, তালিকাভুক্ত সন্ত্রাসীদের নজরদারি ও জামিনে বের হওয়া বা দীর্ঘদিন আত্মগোপনে থাকা তালিকাভুক্ত সন্ত্রাসীদের বর্তমান অবস্থান ও গতিবিধি সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে।
সীমান্তবর্তী এলাকায় কড়াকড়ি : অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী জেলাগুলোতে বিশেষ চেকপোস্ট বসানো এবং তল্লাশি জোরদার করতে হবে। কোনো এলাকায় নাশকতা বা চাঁদাবাজির ঘটনা ঘটলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সরাসরি জবাবদিহিতার আওতায় আনা হবে। জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয় বাড়িয়ে আগাম তথ্য সংগ্রহ করতেই হবে। সদর দপ্তর থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য বা কারও প্রতি পক্ষপাতিত্ব প্রমাণিত হলে সংশ্লিষ্ট জেলার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
মূল বোমাবাজদের ধারেকাছেও যেতে পারছে না পুলিশ : সাম্প্রতিক সময়ে রাজধানীসহ বিভিন্ন জেলায় বেশ কয়েকটি ককটেল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটলেও, এসব ঘটনার মূল পরিকল্পনাকারী ও কারিগরদের (বোমাবাজ) এখনো আইনের আওতায় আনতে পারেনি পুলিশ। হাতেগোনা কয়েকজন বহনকারী বা মাঠপর্যায়ের ছিঁচকে অপরাধী গ্রেপ্তার হলেও পর্দার আড়ালের মূল কারিগররা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে।
প্রশাসনের বিব্রতকর অবস্থা : অপরাধীদের রাজনৈতিক কর্মী পরিচয় দেওয়া এবং তাদের পেছনে স্থানীয় প্রভাবশালীদের তদবির থাকায় মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা অনেক ক্ষেত্রেই আইনি ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করছেন। এমনকি কোনো অপরাধীকে আটক করা হলে থানা ঘেরাও বা রাজনৈতিক চাপের মাধ্যমে ছাড়িয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটছে। একজন অপরাধ বিশ্লেষক বলেন, রাজনৈতিক অস্থিরতা এবং প্রশাসনিক রদবদলের মধ্যবর্তী সময়টিকে আন্ডারওয়ার্ল্ড সবসময়ই তাদের ‘সুবর্ণ সুযোগ’ হিসেবে গ্রহণ করে। এই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোযোগ মূলত জনশৃঙ্খলা রক্ষায় সীমাবদ্ধ থাকায় পেশাদার সন্ত্রাসীরা তাদের নেটওয়ার্ক পুনর্গঠন করার সুযোগ পায়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কেবল ধরপাকড়ই যথেষ্ট নয়, প্রয়োজনে বহুমুখী পদক্ষেপ নিতে হবে।
আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ : নাশকতার ঘটনাগুলোর পেছনে শুধু রাজনৈতিক কর্মী নয়, অপরাধ জগতের পুরনো নেটওয়ার্কও সক্রিয় কি না, সেটি গুরুত্বপূর্ণ অনুসন্ধানের আওতায় আনা হয়েছে। কারণ রাজনৈতিক অস্থিরতার সুযোগে স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী অপরাধী এবং পলাতক অপরাধীদের বিভিন্ন গোষ্ঠী নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। বিশেষ করে যেসব এলাকায় আগে থেকেই অপরাধী চক্রের প্রভাব রয়েছে, সেখানে রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি ও অপরাধ জগতের লোকজনের মধ্যে যোগাযোগের অভিযোগ খতিয়ে দেখা প্রয়োজন।
সীমান্ত ভিন্ন আঙ্গিকে নজরদারি : সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ সাম্প্রতিক নাশকতার ঘটনায় পুলিশের অন্যতম উদ্বেগের জায়গা হয়ে উঠেছে সীমান্তবর্তী অঞ্চল। দেশের ভেতরে সহিংসতা ঘটিয়ে কেউ সীমান্ত পেরিয়ে পালিয়ে যাচ্ছে কি না, অথবা দেশের বাইরে অবস্থান করে কেউ ভেতরের অপরাধীদের সঙ্গে যোগাযোগ রাখছে কি না, তা খতিয়ে দেখতে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। ১১ নভেম্বর প্রতিবেদনে বলা হয়, আইজিপি সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং রেঞ্জ ডিআইজিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো, প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ : বোমাবাজি ও অগ্নিসংযোগের সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষ। গণপরিবহনে আগুন দেওয়া হলে চালক, শ্রমিক ও যাত্রীরা ঝুঁকির মধ্যে পড়েন। শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা আদালতের আশপাশে বিস্ফোরণের ঘটনা ঘটলে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। ব্যবসা-বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়ে। ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় চালকের মৃত্যুর ঘটনা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করেছে। এপি ও বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে হতাহতের পাশাপাশি একাধিক যানবাহনে আগুন দেওয়ার তথ্য উঠে এসেছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতির জন্য পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, পরিবহন মালিক-শ্রমিক, শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। সন্দেহজনক ঘটনা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকা জরুরি হয়ে পড়েছে।