১০ মাসে খুন ৮ বিএনপি নেতা

শিল্পনগরী খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত সাড়ে ১০ মাসে খুলনা মহানগর ও জেলায় অন্তত ৭৯টি খুনের ঘটনা ঘটেছে। এই উদ্বেগজনক অবস্থার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। সাড়ে ১০ মাসে দুর্বৃত্তদের হামলায় বিএনপির আট নেতাকর্মী নিহত হয়েছেন এবং গুরুতর জখম হয়েছেন আরও পাঁচজন। প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যার ঘটনায় খুলনাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশের অপরাধ শাখা ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, খুলনায় সংঘটিত ৭৯টি হত্যাকা-ের মধ্যে মহানগর এলাকায় ৩৯ এবং মহানগরের বাইরে ৪০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২৫ জনকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। বাকিদের ধারালো অস্ত্র ও পিটিয়ে হত্যা করা হয়। এ ছাড়া এ সময়ে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে শতাধিক মানুষ আহত হয়েছেন। সম্প্রতি অবস্থা আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত মাত্র ২০ দিনে ১৩টি গোলাগুলির ঘটনা এবং ৯টি হত্যাকা-ের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে রূপসায় দোকানে ঢুকে খুন করা হয়েছে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সার্চ কমিটির সদস্য জাকির হোসেনকে (৪৩)। অধিকাংশ হত্যাকা-ই ঘটেছে প্রকাশ্য দিবালোকে বা জনসমাগমস্থলে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহার করে। রাত সোয়া ১০টার দিকে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের স্বল্পবাহিরদিয়া গ্রামে নিজ দোকানে বসে ছিলেন । এ সময় মোটরসাইকেলে হেলমেট পরা দুই দুর্বৃত্ত দোকানে ঢুকে মাথায় গুলি করে পালিয়ে যায়। নিহত জাকির হোসেন পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদের বড় ভাই।

পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনায় বর্তমানে রনি চৌধুরী বাবু (গ্রেনেড বাবু), শেখ পলাশ, নূর আজিম, আশিক, হুমা, টেংকি শাওন, আরমান, শাকিল ও নাসিম গ্রুপসহ অন্তত ৯টি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। এই ৯টি সন্ত্রাসী গ্রুপের আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজি, দরপত্র নিয়ন্ত্রণ, মাছের ঘের ও ইট-বালুর ব্যবসা এবং অভ্যন্তরীণ বা আঞ্চলিক সন্ত্রাসী গ্রুপগুলোর দ্বন্দ্বের জেরে এসব হত্যাকা-ের ঘটনা ঘটছে। অধিকাংশ হামলাতেই হেলমেট পরা মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের ব্যবহার করতে দেখা গেছে।

খুলনা জেলা পুলিশ সুপার ও কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এরই মধ্যে বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে জমা দেওয়া হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি খুলনা নগরীর রেলওয়ে হাসপাতাল রোড এলাকায় ত্চ্ছু ঘটনাকে কেন্দ্র করে বাবুল মোল্লা নামের এই বিএনপি কর্মীর ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। প্রতিপক্ষের লোকজন রাত সাড়ে ৮টার দিকে তাকে বেধড়ক পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ২৭ ফেব্রুয়ারি দিঘলিয়া উপজেলার সেনহাটি মিয়াপাড়া মসজিদ ও টিটিসি এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সেনহাটি ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মুরাদ খানকে (৪৫)। পুলিশ জানায়, এর সপ্তাহখানেক আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দরপত্র (টেন্ডার) সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন বিকেল সাড়ে ৫টার দিকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ৪ মার্চ খুলনা নগরীর অন্যতম ব্যস্ত এলাকা ডাকবাংলো মোড়ে রাত ৯টার দিকে রূপসা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ও সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে নৃশংসভাবে হত্যা করা হয়। দুর্বৃত্তরা জনসম্মুখেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

১৬ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুরে কেডিএ কল্পতরু মার্কেটে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বসে ছিলেন দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা রাশিকুল আনাম রাশু (৩৫)। এ সময় একদল সশস্ত্র সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। তিনি রাজনীতির পাশাপাশি ইট-বালুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।১২ জুন রফিকুল ইসলাম গাজী ওরফে ঢাকাইয়া রফিক দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর লবণচরা থানার মাথাভাঙ্গা এলাকার কাজীপাড়া বাজারে পাথর ব্যবসায়ী ও বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম গাজীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সন্ত্রাসী গ্রুপের সঙ্গে বিরোধের জেরে এই হত্যাকা- ঘটে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে। ১৫ আগস্ট জয় ঢালী ও ৫ অক্টোবর আখতার ঢালীকে হত্যা করা হয়। রূপসা উপজেলার দুর্জনীমহল গ্রামে দেড় মাসের ব্যবধানে বাবা ও ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়। প্রথমে ১৫ আগস্ট বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত জয় ঢালীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এই শোক কাটতে না কাটতেই ৫১ দিন পর ৫ অক্টোবর সন্ধ্যায় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত তার বাবা আখতার ঢালীকেও গুলি করে হত্যা করা হয়।

৫ নভেম্বর বিএনপি নেতার ছেলে তরিকুল ইসলাম শেখকে হত্যা করা হয়। দলীয় পদে না থাকলেও গত ৫ নভেম্বর দুপুর ২টার দিকে ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখের ছেলে ও ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম শেখকে (৩৫) রামকৃষ্ণপুর জোড়াবটলা এলাকায় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় গুলি করে হত্যা করে দুবর্ৃৃত্তরা। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনজন।

গত ১০ মাসে বিএনপিরর নেতাকর্মীদের মধ্যে গুরুতর জখম হন পাঁচজন। গত ২৪ অক্টোবর বেলা ১১টার দিকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে আহত হন যুবদল নেতা রামিম বিশ্বাস (৩৫)। গত ২৬ অক্টোবর বটিয়াঘাটা উপজেলায় অপর এক ঘটনায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন যুবদল নেতা সোহেল শেখ (৩৪)। গত ২৭ অক্টোবর অহিদুল ইসলাম ওরফে বাদল (৩৫) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বটিয়াঘাটা উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারসংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। বাদল জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। এ ছাড়া সরাসরি গায়ে গুলি না লাগলেও গত ২৫ সেপ্টেম্বর খুলনা নগরীর টুটপাড়া এলাকায় ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের বাড়িতে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) তথ্য মতে, নগর এলাকায় অভিযান চালিয়ে ৫০টি আগ্নেয়াস্ত্র (যার মধ্যে ৩০টি বিদেশি পিস্তল ও সাতটি বিদেশি রিভলবার) এবং ২৩৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় অস্ত্র আইনে ৪৩টি মামলা করা হয়। এ সময় ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

খুলনা জেলা পুলিশের তথ্য মতে, জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ২৬টি আগ্নেয়াস্ত্র ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১৮টি মামলায় ৩৮ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে ৯টি আলোচিত হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করে প্রধান আসামিসহ অন্তত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, সীমান্তপথে আসা অন্তত ৩০০ অবৈধ আগ্নেয়াস্ত্র এখনো খুলনার অপরাধীদের হাতে সক্রিয় রয়েছে।