ছিনতাইয়ের পেছনে ‘সিন্ডিকেট’

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ এএম

ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীর আতঙ্কে রয়েছে রাজধানীর মানুষ। রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক সবখানে প্রকাশ্যেই চলছে সশস্ত্র অপরাধ ও ছিনতাই। ঢাকাজুড়ে ছিনতাইয়ের আতঙ্ক ছড়িয়েছে। এর পেছনে ক্রিয়াশীল আছে একটি সিন্ডিকেট। শুধু সশস্ত্র ছিনতাই নয়, চুরি-ডাকাতি, হত্যার ঘটনাও উদ্বেগজনকভাবে বেড়েছে। রাজধানীতে গত চার মাসে ছিনতাইসহ হত্যার শিকার হয়েছে ৭৮ জন।

ঢাকা মেট্রোপলিটান পুলিশ গত ছয় মাসে গ্রেপ্তার করেছে প্রায় এক হাজার ১০০ ছিনতাইকারীকে। এত ছিনতাইকারীকে গ্রেপ্তারের পরও পরিস্থিতির উন্নতি হচ্ছে না, বরং আতঙ্ক দিন দিন বাড়ছে। ভুক্তভোগী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্যমতে, বেপরোয়া হয়ে উঠছে ছিনতাইকারীদের একাধিক চক্র। দুর্বৃত্তরা চলন্ত বাস, প্রাইভেট কার থেকে মোবাইল ফোন, কানের দুল, গলার চেইন টেনে নিয়ে যাচ্ছে। রাস্তায় প্রকাশ্যে ছুরি, চাকু, চাপাতি বা পিস্তল ধরে নগদ টাকা, ব্যাগ, লেপটপ, মোবাইল প্রভৃতি কেড়ে নিচ্ছে। বাধা দিলেই আঘাত করছে, গুরুতর আহত হওয়াসহ প্রাণহানি হচ্ছে। অভিযোগ, দিন কিংবা রাত কোনো সময়ই সাধারণ মানুষ বা পথচারীরা নিরাপদ নন। অপরাধীকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরাও। রাজধানীর অনেক এলাকা এখন অনিরাপদ। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, রাজধানীর ৩৪২টি ছিনতাইপ্রবণ স্থান শনাক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আট বিভাগে ১ হাজার ৩৮৭ জনের বেশি ছিনতাইকারীর তালিকা তৈরি করেছে তারা।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি দেশ রূপান্তরকে বলেন, ‘ছিনতাইকারীরা ভোর ও সন্ধ্যার সময়টাকে বেছে নিচ্ছে। বিশেষ করে বাস থেকে নেমে গন্তব্যে যাওয়ার পথে যেসব জায়গা তুলনামূলকভাবে ফাঁকা, সেখানে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট কাজ করছে। প্রতিটি থানায় তিন থেকে পাঁচটি টহল দল রয়েছে পুলিশের। চেকপোস্ট ও টহলের কার্যক্রম তদারকির জন্য সুপারভিশন টিমও কাজ করছে। এরপরও কিছু ঘটনা ঘটছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার চেষ্টা চলছে।’

মিরপুরে রয়েছে ৯৫টি হটস্পট। গুলশান ও উত্তরা বিভাগে  ৯৪, মতিঝিল বিভাগে ৩০, ওয়ারীতে ৩৫ এবং রমনা ও লালবাগ বিভাগে ৪৫টি হটস্পট আছে বলে জানা গেছে। তেজগাঁও শিল্প এলাকাসহ স্পট রয়েছে ৫৮টি। এসব স্পটে ছিনতাইয়ে সক্রিয় রয়েছে প্রায় ১ হাজার ২০০ অপরাধী। মতিঝিল বিভাগ ও পার্শ্ববর্তী এলাকায় ২১২ জন, মিরপুর ও তেজগাঁও বিভাগে ৩৮৬, রমনা ও লালবাগ বিভাগে ২১৭, উত্তরা ও গুলশান বিভাগে ১৫৪ এবং মোহাম্মদপুর থানায় ২০৫ ছিনতাইকারী সক্রিয় রয়েছে। তথ্য বলছে, ঢাকার তালিকাভুক্ত ছিনতাইকারী ১ হাজার ৪০০-এর বেশি। ৫০টি থানায় ছিনতাইয়ের হটস্পট অন্তত ৪০০। সবচেয়ে বেশি তালিকাভুক্ত ছিনতাইকারী ওয়ারী বিভাগে। ছিনতাইয়ের ঘটনা বেশি মিরপর, তেজগাঁও ও উত্তরায়।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ) আকতার হোসেন বলেন, ‘রাতে কোথায় চেকপোস্ট হবে বা কোথায় মোবাইল পার্টি থাকবে তা তদারকির জন্য আমাদের এসি, এডিসি ও ডিসিরা মাঠপর্যায়ে থাকেন। তারা ব্যত্যয় দেখলে ব্যবস্থা নেন এবং ঊর্ধ্বতন কর্তাদের জানান।

গত শনিবার সকালে শ্যামলীতে ছিনতাইয়ের শিকার হয়েছেন দৈনিক আমাদের সময়ের অপরাধ বিভাগের প্রধান শাহজাহান আকন্দ শুভ ও তার স্ত্রী। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, ব্যাংকের ডেবিট কার্ড ও মেট্রোরেলের কার্ডসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে।

সম্প্রতি জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের ঘটনায় বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন প্রাণ হারান। ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে তিনি চিকিৎসার উদ্দেশে স্বামীর সঙ্গে গাবতলী থেকে রিকশাযোগে রাজধানীর ফার্মগেট এলাকার ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে একটি মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী পেছন থেকে রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দেয়।

তখন তিনি রিকশা থেকে ছিটকে নিচে পড়ে মাথায় আঘাত পান; তার মাথায় তীব্র রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছিলেন, অপরাধীদের শনাক্ত করতে সংলগ্ন এলাকার ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ দেখে দ্রুততম সময়ের মধ্যে ঘটনার মূল হোতা পনি ও তার সহযোগীকে গ্রেপ্তার এবং সংশ্লিষ্ট মোটরসাইকেলটি জব্দ করা হয়।

মহানগর দায়রা জজ আদালতের অ্যাসিস্ট্যান্ড পাবলিক প্রসিকিউটর আহমদ আল ইরফান দেশ রূপান্তরকে বলেন, ‘আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ গঠনের দুর্বলতা, জব্দ তালিকার সাক্ষীর দুর্বলতার ও পেশাদারি মনোভাবের চেয়ে অন্যান্য বিষয়ে বেশি গুরুত্ব দেওয়ায় মামলার এজাহার দুর্বল হয়ে পড়ে। এ ছাড়া সাক্ষ্য ও সঠিক তদন্তের অভাবে আসামি বের হয়ে যায়।

গত ১ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ২৬টি গুরুতর ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসব ঘটনায় মানুষকে কুপিয়ে, ছুরিকাঘাত করে, গুলি করে, চলন্ত ট্রেন থেকে ফেলে এবং অস্ত্রের মুখে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। ২৬ ঘটনার ৩২ জন সরাসরি ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ২৪ পুরুষ ও ৮ নারী। নারী ভুক্তভোগীর সংখ্যা কম হলেও তাদের পরিণতি ছিল ভয়াবহ। ৩২ ভুক্তভোগীর মধ্যে ৮ নারী হলেও চারটি প্রাণহানির ঘটনার দ্জুনই নারী।

গত ৬ জুন সোহেলি ইসলাম সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে রিকশায় ব্যাগ ছিনতাইয়ের সময় পড়ে আহত হয়ে মৃত্যুবরণ করেন। সোহেলি ছিলেন একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা। ঈদের ছুটি শেষে মেয়েকে নিয়ে দিনাজপুর থেকে ঢাকায় ফিরছিলেন। জুলাইয়ে ফজলে রাব্বি সুমন মোহাম্মদপুরের রায়েরবাজারে, আগস্ট মাসে রনজিনা পারভীন সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে রিকশা থেকে পড়ে মৃত্যুবরণ করেন। সেপ্টেম্বর মাসে সজীব পল্লবীর প্যারিস রোড এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যুবরণ করেন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. ওমর ফারুক দেশ রূপান্তরকে বলেন, ছিনতাই, চুরি, ডাকাতি ও মুক্তিপণ দাবি মোটামুটি একই সূত্রে গাথা। এ ধরনের অপরাধ রোধে অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি থানাভিত্তিক পুলিশ পেট্রোলিং বাড়ানো জরুরি।’

এর আগে ১৮ আগস্ট রাজধানীর চাঁদ উদ্যানের এক নম্বর সড়কে ব্যবসায়ী আবুল হোসেনকে হঠাৎ ঘিরে ধরেন মোটরসাইকেলে থাকা তিন যুবক। কিছু বুঝে ওঠার আগেই চাপাতি দিয়ে আঘাত করে তার কাছ থেকে ৯৮ লাখ টাকা ও মোটরসাইকেলটি ছিনিয়ে নেয় তারা। এসব ছিনতাইয়ের ঘটনায় মামলার পাশাপাশি গ্রেপ্তারও করা হচ্ছে অপরাধীদের। কিন্তু ছিনতাইয়ের লাগাম টানা যাচ্ছে না। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। একজন ভুক্তভোগী বলেন, ‘মনে হয়, আমরা জিম্মি হয়ে আছি।’ আরেকজন বলেন, ‘আমি সারাক্ষণ ভীতির মধ্যে থাকি।’ 

অপরাধবিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, ‘ছিনতাই মামলার আসামিরা ছাড়া পেয়ে আবার অপরাধ করে। এ চক্রের সদস্যদের যারা বাকিতে জামিনে বের করে আনেন, তখন তাদের অর্থ পরিশোধ করা হয়, সেটিও দেখতে হবে।’ রাতে ছিনতাইয়ের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সম্প্রতি যাত্রাবাড়ী, ডেমরা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ১৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের বিভিন্ন থানার পুলিশ। পুলিশ বলছে, অস্ত্রের মুখে ভয় দেখিয়ে বিভিন্ন জেলায় যাতায়াত করা যাত্রীদের টার্গেট করে ছিনতাই করত চক্রটি। তাদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল, চাকু, ব্লেড, মলম ও ৫০ গ্রাম মরিচের গুঁড়া উদ্ধার করা হয়েছে।

ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, ‘যাত্রাবাড়ী দিয়ে দেশের ৪০ জেলায় যাতায়াত করা হয়। দিনরাত ২৪ ঘণ্টাই এ এলাকায় গাড়ি চলাচল করে। এ এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। কিছু দিন আগে ডেমরা থেকে ছিনতাইয়ের সময় হাতেনাতে তিনজন ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়ারী-গে-ারিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরও ১১ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ৫-৬টি বা তার বেশি মামলা রয়েছে।’ 

তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী, তারা রাতের বেলা মহাসড়কসহ বিভিন্ন অলিগলিতে ওঁৎ পেতে থাকে। রাতের বেলা যখন বাস থেকে মানুষ নামে অথবা ঢাকা থেকে যাওয়ার জন্য রাস্তায় বের হয়, তখন তারা অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ছিনতাই করে।’

গত ২১ অক্টোবর রাত ২টার দিকে রাজধানীর কলেজগেট এলাকায় ছিনতাইকারীরা মো. কবির মিয়া (৪৩) নামে এক অটোরিকশাচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে নগদ টাকা ও অটোরিকশাটি ছিনিয়ে নেয়। কাভার্ডভ্যানে চট্টগ্রাম থেকে মাল বোঝাই করে ঢাকা হয়ে গাজীপুর যাওয়ার পথে ১৫ মে রাত ১টায় যাত্রাবাড়ীর কাজলা ব্রিজের ঢালে জ্যামে ছিনতাইকারীর কবলে পড়েন চালক। ৬ থেকে ৭ ছিনতাইকারী চালক মো. মহিনকে কুপিয়ে ২৪ হাজার টাকা ছিনিয়ে নেয়।

৬ সেপ্টেম্বর রাতে কমলাপুর থেকে ট্রেনের ছাদে চড়ে বিমানবন্দর রেলস্টেশনে যাওয়ার পথে ক্যান্টনমেন্ট এলাকায় ছাদ থেকে আহমেদ আবির (২০) নামে এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ছিনতাইকারীরা। ২১ আগস্ট সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়িতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু নামে এক যুবক নিহত হন। গত ২২ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে আদাবর থানার শেখেরটেকে রিকশাযাত্রী স্বামী-স্ত্রীকে আটকে অস্ত্রের মুখে সর্বস্ব ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

সূত্র বলছে, ছিনতাইয়ের হটস্পটগুলোর মধ্যে রাজধানীর মোহাম্মদপুরের অবস্থা বেশি নাজুক। নবোদয় হাউজিংয়ের বড় মসজিদ লাগোয়া খালপাড়ের স্পটটি সবচেয়ে ভয়াবহ। এর একপাশে মোহাম্মদপুর থানা অন্য পাশে আদাবর থানা। কালভার্টের আশপাশে কোথাও সিসি ক্যামেরা নেই। সবুজ মিয়া নামে স্থানীয় একজন জানান, প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর সড়ক থেকে টার্গেট ব্যক্তিকে ধরে কালভার্টের ওপর ছিনতাই করে। কেউ বাধা দিলে তার ওপরও হামলা হয়। ছিনতাইয়ের আরেকটি হটস্পট হাজারীবাগের শাজাহান মার্কেট স্বপ্নডাঙ্গা হাউজিংয়ের আশপাশের এলাকা। স্থানীয়রা জানান, এখানে রাত ৯টার পর ছিনতাইকারীরা সক্রিয় হয়ে ওঠে।

ঢাকাবাসীর কাছে ভয়ংকর আতঙ্কের নাম ছিনতাই। কে কখন অপরাধী চক্রের টার্গেট হন তা বলা মুশকিল। সড়ক-মহাসড়ক থেকে অলিগলি  সবখানেই ছিনতাইকারীরা বেপরোয়া। সুযোগ পেলেই তারা পকেট বা ব্যাগ থেকে ছুরি, চাকু, চাপাতি এমনকি ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র বের করে ঠেক দিয়ে বসে। কখনো দুই থেকে তিনজন মোটরবাইকে করে টার্গেট ব্যক্তির পাশ ঘেঁষে গিয়ে অস্ত্র ধরে। প্রতিবাদ করতে চাইলে কুপিয়ে জখম করে। ফলে আক্রান্ত হওয়ার ভয় বা নিরাপত্তাহীনতার কারণে মানুষ ঘটনা দেখেও না দেখার ভান করে চলে যান। গুরুতর আহত না হলে পুলিশ ছিনতাইয়ের শিকার ব্যক্তির মামলা নিতে চায় না।

সর্বশেষ সর্বাধিক পঠিত