প্রবাসে বিএনপির সাংগঠনিক শক্তি জোরদার করার কথা থাকলেও জাপানে দলটির অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্য রূপ নিয়েছে। নেতৃত্বের দ্বন্দ্ব, পকেট কমিটি গঠন, ব্যক্তিগত বলয় তৈরি এবং আর্থিক অনিয়মের অভিযোগে জাপান বিএনপি বর্তমানে তিন থেকে চারটি উপদলে বিভক্ত হয়ে পড়েছে। বিশেষ করে, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর কেন্দ্র করে এই দ্বন্দ্ব চরমে পৌঁছায়, যেখানে হাতাহাতি, ডোনেশনের নামে অর্থ বাণিজ্য এবং চরম অব্যবস্থাপনার তথ্য সামনে এসেছে। এসব নিয়ে জাপান বিএনপি নেতাকর্মীদের কাছে হিসাব দেওয়ার কথা থাকলেও গতকাল শুক্রবার পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক নেতাকর্মীদের কাছে অনুদানের হিসাব দেননি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করেন। চার দিনের সফর শেষে ২৯ অক্টোবর দেশে ফেরেন তিনি।
জাপান বিএনপির নেতারা বলছেন, অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ঘিরে প্রস্তুতি সভাতেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় জাপান বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি সহ-সভাপতি মাসুম জাকিরকে লাথি মারেন বলে অভিযোগ রয়েছে। এই অনভিপ্রেত ঘটনায় প্রবাসী নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
ব্যক্তিগত অ্যাকাউন্টে অর্থ সংগ্রহ ও চরম অব্যবস্থাপনার অভিযোগ : সফরের তৃতীয় দিন ২৮ অক্টোব বুধবার টোকিওর নিউ ওতানি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ কমিউনিটি জাপান। এই অনুষ্ঠান কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে।
জাপান প্রবাসী ব্যবসায়ীরা অভিযোগ করে দেশ রূপান্তরকে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের ব্যক্তিগত একাউন্টে অর্থ নিয়েছেন। এটা তো হতে পারে না। তাছাড়া আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নিয়েছেন তারা।’
জাপান প্রবাসী আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে অর্থ নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম (রেজা)। ব্যক্তিগত অ্যাকাউন্টে অর্থ নেওয়ার বিষয়ে তিনি বলেন, সবাই দলের লোক। তাই নিয়েছি।
নেতাকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ এবং অনুষ্ঠানে প্রবেশের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে বড় অংকের ডোনেশন সংগ্রহ করা হয়। সংগৃহীত এই অর্থ দলীয় ফান্ডে জমা না দিয়ে নেতাদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া স্থানীয় অনেক ব্যবসায়ী মোটা অংকের অর্থ প্রদান করলেও শেষ পর্যন্ত প্রতিশ্রুতি অনুযায়ী অনুষ্ঠানে প্রবেশপত্র বা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাননি।
অনুষ্ঠানে সাধারণ নেতাকর্মীদের বঞ্চিত করে নেতাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণ এবং একটি বিশেষ মহলের আধিপত্য নিয়ে সামাজিক মাধ্যমেও চলছে নানা সমালোচনা। সংগৃহীত মোট অর্থের সঠিক হিসাব ও স্বচ্ছতা দাবি করে ইতিমধ্যে সরব হয়েছেন দলের একাধিক নেতাকর্মী।
প্রধানমন্ত্রী তার জাপান সফরে ইমপেরিয়াল হোটেলে উঠেছিলেন। সংগত কারণে সেখানে জাপান বিএনপির নেতাকর্মীরা ভিড় করেন। সভাপতি নেতাকর্মীদের নিয়ে বসেন চা-কফি খেতে। কিন্তু বিল দেওয়ার সময় হলে ফোনে কাউকে ডেকে বিল দিতে বলেন। এমনটা জানিয়ে জাপান প্রবাসী বিএনপির অঙ্গ সংগঠনের এক নেতা দেশ রূপান্তরকে বলেন, ‘প্রধানমন্ত্রীর জাপান সফরে ভালো ডোনেশন করেছি। সামান্য চা-কফির বিল দিতে ডাকেন আমাদের। অথচ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেন না। মতবিনিময় সভায় সভাপতি ও সাধারণ সম্পাদকই সব করেছেন। আমাদের কথা বলার সুযোগ দেয়নি।’
জাপান প্রবাসী ব্যবসায়ী ও জাপানের সঙ্গে ব্যবসা করেন এমন অনেকে প্রধানমন্ত্রীর জাপান সফরে জাপান গিয়েছিলেন। এমনকি কেউ কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে গিয়েছিলেন। তারা ইমপেয়িাল হোটেলে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য। চেষ্টা করেও তারা সুযোগ পাননি। শেষে জাপানে বাংলাদেশ দূতাবাসে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বসার সুযোগ পান। তবে সময় খুব কম ছিল। তাদের অভিযোগ, জাপানের সঙ্গে ব্যবসা করি আমরা। আমরা সরকারকে অনেক সুযোগ করে দিতে পারতাম। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাতের কোনো ব্যবস্থা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ড. মো. শাকিরুল ইসলাম খান সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করতে বলেন। জাপান বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনিকে ফোন করলে তিনি ফোন ধরেননি।
আওয়ামী সখ্য ও পকেট কমিটি গঠনের অভিযোগ : দীর্ঘদিন সম্মেলন না করে ক্ষমতা আঁকড়ে রাখার মানসিকতার কারণে জাপান বিএনপিতে এই নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন প্রবীণ নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ নেতা জানান, দলের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাকিরুল ইসলাম শাকিলের সহায়তায় একটি সুবিধাবাদী মহল কোনো ধরনের গঠনমূলক আলোচনা ছাড়াই পকেট কমিটি তৈরি করেছে।
জাপান প্রবাসী বিএনপি নেতারা মনে করছেন, প্রবাসের মাটিতে দলের ভাবমূর্তি রক্ষায় এবং অভ্যন্তরীণ এই কোন্দল দূর করতে দ্রুত কেন্দ্রীয় হাইকম্যান্ড থেকে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি, অন্যথায় প্রবাসে দলের সাংগঠনিক ভিত্তি চরম হুমকির মুখে পড়বে।
এ বিষয়ে জানতে চাইলে জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম (রেজা) দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা ৩৮ বছর ধরে জাপানে বিএনপির রাজনীতি করছি। ওয়ান-ইলেভেনের কঠিন সময়েও তারেক রহমান ও দলের পক্ষে কাজ করেছি। চাকরি ও পরিবারকে সময় না দিয়ে সংগঠনের জন্য কাজ করেছেন। মানুষ হিসেবে ভুলত্রুটি হতে পারে, কেউ ফেরেশতা নয়।’
দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিভক্তির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘কারও মনে বিভক্তি থাকলে সেটি তার ব্যক্তিগত বিষয়।’
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার এবং জাপান বিএনপির কয়েকজন নেতার ছবি থাকার বিষয়ে তিনি বলেন, ‘সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হওয়া কিংবা ছবি তোলা স্বাভাবিক বিষয়। তবে আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো ব্যবসায়িক সম্পর্ক বা আর্থিক লেনদেন নেই।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর উপলক্ষে নেতাকর্মী ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা বা অনুদান নেওয়ার অভিযোগ অস্বীকার করে রেজা বলেন, ‘নিজেদের অর্থায়নেই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।’ কারও কাছ থেকে টাকা নেওয়ার প্রমাণ থাকলে তা দেখানোর চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।
প্রস্তুতি সভায় নেতাদের মধ্যে হাতাহাতি ও একজনকে লাথি মারার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘সেটি কোনো আনুষ্ঠানিক প্রস্তুতি সভা ছিল না। কয়েকজনের ব্যক্তিগত বিরোধ ও কথা কাটাকাটি থেকে ওই ঘটনা ঘটে। পরে বিষয়টি দলের সঙ্গে জড়িয়ে সংবাদমাধ্যমে এসেছে।’