হামে মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম উপসর্গ ও ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে শুধু হামজনিত মৃত্যু ১ হাজার ৩০০ ছাড়িয়েছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো হাম ও ডেঙ্গু-বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হামবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭১ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ১৪৮ শিশুর। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হাম উপসর্গে মারা গেছে এক হাজার ৩০৪ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। বাকি ১ হাজার ১৯৯ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গের রোগী পাওয়া গেছে দুই লাখ ৪৫ হাজার ৫৬২ জন। হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। এ ছাড়াও হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ১৯ হাজার ২৪৭ শিশু। এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১০ হাজার ৪০১ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘ›ণ্টায় মারা যাওয়া ৫ শিশুর মধ্যে সিলেট বিভাগে ৩, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের একজন করে । আর একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০৯ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। আর হামের রোগী পাওয়া গেছে ৩৫ জন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৫৫ জন। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৪৩৪ জন, ময়মনসিংহে ৭৬, চট্টগ্রামে ২৬৭, খুলনায় ১৬০, রাজশাহীতে ৮৯, রংপুরে ৭৬, বরিশাল বিভাগে ১৪৭ এবং সিলেট বিভাগে ৬ জন ভর্তি হয়েছে। এ ছাড়া বর্তমানে হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি রয়েছে ৫,৯১৫ জন। আর হাসপাতাল থেকে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫২ হাজার ৪৮৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৫৮ হাজার ৮৮৩ জনে। আর মৃত্যু হয়েছে ৪৮৩ জনের। চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩, সেপ্টেম্বরে ১৪৮ এবং অক্টোবরে ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এবার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ২৩৮ জনের মৃত্যু হয়েছে। এর পরেই যথাক্রমে খুলনা বিভাগে ৮৫, চট্টগ্রামে ৪৭, ময়মনসিংহে ৩৯, বরিশালে ৩২, রাজশাহীতে ৩০, রংপুরে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জন মারা গেছে।