ডা. জাহিদ হোসেন বললেন

শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে

শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে। পড়াশোনা করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদেরও সচেতন হতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের কথা বলে বের হয়ে শিক্ষার্থীরা পড়াশোনা ফাঁকি দিয়ে পার্কে গিয়ে সময় নষ্ট না করে, সেদিকে অভিভাবক শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখতে হবে অভিভাবকদের। সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শুধু প্রশাসন বা শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ভরসা না করে, সন্ধ্যায় পর শিশুরা বাড়ি ফিরে পড়াশোনা করছে কি না, সেটাও অভিভাবকদের খেয়াল রাখতে হবে।

গতকাল শুক্রবার বিকেল ৪টায় বিরামপুর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন এসব কথা বলেন। এ সময় সমতলে বসবাসরত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সাইকেল প্রদান, নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ, কৃষি প্রণোদনার আওতায় সরিষা বীজ ও রাসয়নিক সার বিতরণ ও জব ফেয়ার-২০২৬ নির্বাচিত ২০০ জনকে নিয়োগপত্র প্রদান করেন। বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল। বক্তব্য দেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা সহ-সভাপতি আতিকুর রহমান রাজা ও তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ অন্যরা।

অনুষ্ঠানে বিরামপুর থানার ওসি আ. রাজ্জাক, এসিল্যান্ড মিজ নাজিয়া নওরীন, সরকারী কর্মকর্তা, বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা, জনপ্রতিনিধি, সুধীজনসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।