ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ডে সিরিয়াল ১০ গাড়ির মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হন শতাধিক যাত্রী। ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিমের গাড়ি বহরের দুটি গাড়ি রয়েছে। এমপির গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন। এ সময় রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইলিয়াস ফকির গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওই মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেট কার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরবর্তীতে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেট কার ও ইঞ্জিনচালিত ইজিবাইক সংঘর্ষে জড়ায়।
এতে দুর্ঘটনার কবলে পড়ে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেট কার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক। এ ঘটনার পর প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারাত্মক আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, দুর্ঘটনায় আমার গাড়ি বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী মারাত্মক আহত হন। তাকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। তবে আমি সুস্থ রয়েছি।
সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে গভীর শোক জানান গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।