রাজধানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেপ্তার ৫

রাজধানীর পৃথক দুটি স্থানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কারওয়ানবাজার ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতকাল শুক্রবার ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে তেজগাঁও থানাধীন কারওয়ানবাজার রেললাইন এলাকায় অভিযান চালায় এসআরইউয়ের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি দল। এ সময় ছিনতাইয়ের চেষ্টাকালে মো. ইয়াসিন ও মো. সাগর নামে দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ইয়াসিনের বিরুদ্ধে আগে থেকেই হাতিরঝিল থানায় দুটি নন-এফআইআর অভিযোগ রয়েছে।

এর আগে একই দিন রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে এসআরইউয়ের ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে ছিনতাইয়ের চেষ্টাকালে মো. শিশির, মোহাম্মদ রাজন ও মোহাম্মদ রিয়াদুল ইসলাম নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৭টি চোরাই বাইসাইকেল জব্দ করেছে পুলিশ।