রেস্তোরাঁয় ভাঙচুর তিতুমীরের শিক্ষার্থীদের

রাজধানীর মহাখালীতে ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর চালিয়েছে সরকারি তিতুমীর কলেজের একদল শিক্ষার্থী। খাবার পরিবেশনে বিলম্বকে কেন্দ্র করে শিক্ষার্থীর বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী রেস্তোরাঁর কর্মচারীদের মারধর শুরু করে। পরে আরও এক থেকে দেড়শ তরুণ এসে রেস্তোরাঁয় ভাঙচুর চালায়।

রেস্তোরাঁর কর্ণধার সাফিন বেগ বলেন, রেস্তোরাঁয় প্রথমে একটি ছেলে আসেন। একটি চেয়ার খালি হওয়ার পর তিনি সেখানে বসে পড়েন। ওই আসনটির জন্য একটি পরিবার আগে থেকেই অপেক্ষা করছিল। ছেলেটি বসে পড়ার পর ওই পরিবারের সদস্যদের সঙ্গে তার বাগবিত-া হয়। একজন কর্মী তাকে অন্য একটি আসনের ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন। কিন্তু এতেই তিনি ক্ষিপ্ত হয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান। তিনি বলেন, কিছুক্ষণ পর তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে আসেন। প্রথমে বাইরে রেস্তোরাঁ কর্মী খলিলকে বেধড়ক মারধর করেন। এরপর শুরু হয় ভাঙচুর। পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরার ফুটেজে রয়েছে।