নৌপরিবহনমন্ত্রী বললেন

নদীকেন্দ্রিক নগরায়ণ ও বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা হবে

ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদী দখল এবং দূষণমুক্ত করার পাশাপাশি নদীর তীর জনবান্ধব, পরিবেশবান্ধব ও পর্যটন উপযোগী করে গড়ে তুলতে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়িত হলে ঢাকার চারপাশে কার্যকর বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

গতকাল শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানসংলগ্ন গ্রিন সিটি মডেল টাউনের তুরাগ নদীর তীরে বিআইডব্লিউটিএ নির্মিত ওয়াকওয়েতে আয়োজিত বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান ২০২৬ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নদীর সীমানা সংরক্ষণ ও জনসাধারণের হাঁটাচলার উপযোগী পরিবেশ সৃষ্টিতে বিআইডব্লিউটিএ বিভিন্ন স্থানে ওয়াকওয়ে নির্মাণ করেছে। অসম্পূর্ণ ওয়াকওয়ের সংযোগ বা মিসিং লিংক দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। নদীর তীরকে হাঁটাচলা, শরীরচর্চা ও বিনোদনের উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি নদী সংরক্ষণে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানোই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।

তিনি জানান, ঢাকার চারপাশের নদীগুলোতে দূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্পট চিহ্নিত করা হয়েছে। এসব উৎস দিয়ে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে প্রবেশ করছে। দূষণ নিয়ন্ত্রণ ও বর্জ্য প্রবেশ বন্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি করপোরেশন ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নদীর সীমানা সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধ ও ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে

নদীর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার কার্যক্রমও চলমান রয়েছে।

মন্ত্রী বলেন, নদীকে শুধু যাতায়াতের মাধ্যম নয়, পর্যটন, বিনোদন ও নগরজীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে নতুন নৌরুট চালু, আধুনিক নৌযান সংযোজন, নৌস্টেশন ও ঘাট নির্মাণ এবং সড়ক যোগাযোগের সঙ্গে নৌপথের সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, ঢাকার চারপাশের চার নদীর উভয় তীরে প্রায় ২২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ, নদীর সীমানা সংরক্ষণ, তীররক্ষা বাঁধ, ইকোপার্ক, জেটি ও পর্যটন সুবিধা গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

বর্তমানে ওয়াকওয়ে, সীমানা পিলার, তীররক্ষা বাঁধ, ড্রেন, বসার বেঞ্চ, পায়ে হাঁটার সেতু ও ঘাট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজ চলমান রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারের অতিরিক্ত সচিব ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মুহিদুল ইসলাম। বিজ্ঞপ্তি