পাবনায় সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি, জিডি

পাবনার বেড়ায় সংবাদ প্রকাশের জেরে দৈনিক প্রতিদিনের সংবাদ-এর বেড়া-সাঁথিয়া প্রতিনিধি আরিফ খানকে মোবাইল ফোনে জবাই ও গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি একাধিক নম্বর থেকে ফোন করে তাকে এই প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর সাঁথিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সাংবাদিক। বর্তমানে এই হুমকির কয়েকটি অডিও কল রেকর্ডও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, সাংবাদিক আরিফ খান শুরু থেকেই অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে অনুসন্ধানী সংবাদ করে আসছেন। তার বেশ কয়েকটি প্রতিবেদন জাতীয় দৈনিকের প্রথম ও শেষ পাতায় প্রকাশিত হয়েছে। সম্প্রতি বেড়ায় স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মিলন মাহমুদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রসঙ্গ এবং আমিনপুর থানার মাশুমদিয়া এলাকায় সনদ ও অনুমোদন ছাড়া হালিম কবিরাজের অপচিকিৎসার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে ওঠে একটি চক্র। হালিম কবিরাজের বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে তাকে ম্যানেজ করার চেষ্টা করা হলেও সাংবাদিক আরিফ তাতে রাজি হননি। পরবর্তী সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে ওই কবিরাজের চেম্বার সিলগালা করা হয়। এরপর থেকেই তাকে বিভিন্ন নম্বর থেকে ফোন করে রাস্তায় ফেলে কুপিয়ে জবাই ও গুলি করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী সাংবাদিক আরিফ খান বলেন, ‘আমার সংবাদ নিয়ে কারও আপত্তি থাকলে তারা আইনি পথ বেছে নিতে পারেন, কিন্তু এভাবে হুমকি দিয়ে সত্যের মুখ বন্ধ করা যাবে না। আমি প্রশাসনের কাছে আমার নিরাপত্তা ও ন্যায়বিচার চাই।’

সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাই বলেন, অনিয়ম তুলে ধরাই সাংবাদিকদের কাজ। নিউজ করার কারণে এভাবে হুমকি দেওয়া অত্যন্ত দুঃখজনক। দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় তাদের আনা না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম বলেন, ‘দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যেন আক্রান্ত না হন, সেটি প্রশাসনকে নিশ্চিত করতে হবে। আমরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি এবং দ্রুত হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি করেছেন।