আইনমন্ত্রী বললেন

জনগণ স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যারা বোমা হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মৃত্যুদ-প্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা এখনো এ দেশের মানুষকে চিনতে পারেননি। বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে আর রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ‘বিশেষ সাধারণ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকা-ে জড়িত অনেকেই ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এসব কর্মকা-ের সঙ্গে কারা ও কীভাবে জড়িত, সে বিষয়ে সরকার তথ্য-উপাত্ত পেয়েছে। কারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তা দেশের মানুষও দেখছে।

সাংবাদিকতার দায়িত্ব ও গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, গণমাধ্যম মানুষের আস্থার জায়গায় পৌঁছেছে। কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার না পেলে মানুষ গণমাধ্যমের দ্বারস্থ হয়। সাংবাদিকদের এ আস্থার জায়গা ধরে রাখতে হবে। একই সঙ্গে অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে উল্লেখ করে তিনি বলেন, নিজেদের সম্মান, মর্যাদা ও পরবর্তী প্রজন্মের স্বার্থেই এ বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।