হূমায়ূন আহমেদের গল্প-গানে মঞ্চে ‘চাঁদনী পসরে’

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হূমায়ূন আহমেদের ছোটগল্প, নাটক ও চলচ্চিত্রে ব্যবহৃত গানের সমন্বয়ে ব্যতিক্রমী শ্রুতি প্রযোজনা ‘চাঁদনী পসরে’ মঞ্চস্থ হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দেশ রূপান্তর।

কথাসাহিত্যিক হূমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে এ আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক আবৃত্তি সংগঠন স্বরকল্পন আবৃত্তিচক্র। শিল্পকলা একাডেমির সঙ্গে যৌথভাবে আয়োজিত এ প্রযোজনায় গল্প, আবৃত্তি ও সংগীতের সম্মিলনে হূমায়ূন আহমেদের সাহিত্যকর্মকে তুলে ধরা হয় ভিন্ন এক শিল্পভাবনায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহা. হারুন-অর-রশিদ। সভাপতিত্ব করেন স্বরকল্পন আবৃত্তিচক্রের অধিকর্তা শহীদূল হক মিল্কী। প্রযোজনাটির নির্দেশনায় ছিলেন নির্মাতা জাহিদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান রুমন বলেন, “একটি জাতির প্রকৃত সমৃদ্ধি শুধু অর্থনৈতিক উন্নয়ন কিংবা অবকাঠামোগত অগ্রগতিতে সীমাবদ্ধ নয়; শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের মধ্য দিয়েই একটি জাতির প্রকৃত পরিচয় ফুটে ওঠে। হূমায়ূন আহমেদ তার সাহিত্যকর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে যে স্থায়ী আসন তৈরি করেছেন, তা বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ।”