রাষ্ট্রপতি বললেন

স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজাতে মন-মানসিকতারও পরিবর্তন দরকার

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। এ জন্য মন-মানসিকতারও পরিবর্তন দরকার। দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্রে অধ্যয়ন করে এবং এ ক্ষেত্রে সরকারের যথেষ্ট বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।’

গতকাল বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটির প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় এমন জট তৈরি হয়েছে যে সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি দাঁতের চিকিৎসার ব্যয় অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষ সেই ব্যয় বহন করতে পারে না।

সরকারি হাসপাতালগুলোর চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, অধিকাংশ ক্ষেত্রে সেখানে প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসাসেবার যথেষ্ট ব্যবস্থা নেই। এজন্য তিনি প্রান্তিক এলাকাগুলোর স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্তসংখ্যক চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ প্রেস্থোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডা. মো. আলমগীর কবির। বিশেষ অতিথি ছিলেনÑ অধ্যাপক ডা. মো সাইফুল ইসলাম ও অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন।