কুয়াকাটায় এক ইলিশ বিক্রি সাড়ে ৮ হাজারে

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে নবী হোসেনের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ। গতকাল শুক্রবার মাছটি পটুয়াখালীর কুয়াকাটা পৌর মেয়র বাজারে আনা হলে নিলামে ৮ হাজার ৫১০ টাকায় কিনে নেন স্থানীয় ব্যবসায়ী জয়নাল ঘরামী। জয়নাল ঘরামী জানান, মাছটি রপ্তানি করবেন। এর আগে গত বুধবার ২ কেজি ওজনের আরেকটি ইলিশ ৭ হাজার ৪০০ টাকায় কিনেছিলেন তিনি।

জেলে নবী হোসেন জানান, প্রতিদিন তারা সাগরে মাছ ধরতে যান। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এবারই প্রথম বড় ইলিশ পেয়েছেন। ছোট মাছের পাশাপাশি বড় ইলিশ পেয়ে তারা খুশি। ভালো দামে বিক্রি করতে পেরে আর্থিকভাবেও লাভবান হয়েছেন।

স্থানীয় বাসিন্দা মিরাজুল হাসান বলেন, বড় ইলিশ খাওয়ার ইচ্ছা সবারই থাকে। কিন্তু বর্তমান বাজারদরে মধ্যবিত্ত পরিবারের পক্ষে এত দাম দিয়ে ইলিশ কেনা কঠিন। ইচ্ছা থাকলেও দামের কারণে তিনি মাছটি কিনতে পারেননি।

মাছটির ক্রেতা জয়নাল ঘরামী বলেন, মাছটির ওজন ও মান বিবেচনা করেই ৮ হাজার ৫১০ টাকায় কিনেছি। আশা করছি, ভালো দামেই মাছটি বিক্রি করতে পারব।