সন্দ্বীপের বাসিন্দা আসমা বেগম (ছদ্মনাম)। সন্তান প্রসবের সময় এগিয়ে এলে তাকে নেওয়া হয় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে প্রসবকালীন জটিলতা দেখা দেওয়ায় কর্তব্যরত চিকিৎসাকর্মীরা স্বজনদের প্রসূতিকে দ্রুত চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কারণ পরিস্থিতি সামাল দেওয়ার মতো বিশেষজ্ঞ চিকিৎসক বা পর্যাপ্ত ব্যবস্থা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। ফলে বাধ্য হয়েই উত্তাল সাগর পাড়ি দিয়ে স্পিডবোট ও অ্যাম্বুলেন্সে আসমাকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। সেখানে জরুরি অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে জন্ম নেয় তার সন্তান।
৫০ শয্যার সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন মিডওয়াইফ (ধাত্রী) থাকার কথা থাকলেও বর্তমানে একজনও পদায়িত নেই। প্রকল্পের একজন মাত্র কর্মী দিয়ে কোনো রকমে স্বাভাবিক প্রসবের কাজ চালানো হচ্ছে। তারওপর গাইনি ও অ্যানেস্থেশিয়া চিকিৎসকের মতো গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় প্রসবকালে সামান্য ঝুঁকির আশঙ্কা দেখা দিলেই রোগীকে পাঠিয়ে দেওয়া হয় সাগরের ওপারে চট্টগ্রাম শহরের হাসপাতালে।
আসমা বেগমের এই ভোগান্তি শুধু সন্দ্বীপ উপজেলার নয় বরং চট্টগ্রামের ১৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিত্যদিনের চিত্র। চিকিৎসক ও লোকবল সংকট, প্রয়োজনীয় পরীক্ষণ যন্ত্রপাতির অভাব এবং জটিল প্রসব ব্যবস্থাপনার সীমাবদ্ধতায় সন্তানসম্ভবা নারীরা এখন উপজেলা হাসপাতাল এড়িয়ে নগরীর বড় হাসপাতালগুলোতে ভিড় করছেন। এতে গ্রামীণ মাতৃস্বাস্থ্যসেবা ভেঙে পড়ার পাশাপাশি শহরের হাসপাতালগুলোতে যেমন চাপ বাড়ছে তেমনি বাড়ছে সিজারিয়ান প্রসবের হার।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২০১৭ সালে চট্টগ্রামের ১৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেয় ৩৮ হাজার ৯৮৬ শিশু। ৯ বছরের ব্যবধানে ২০২৫ সালে তা কমে দাঁড়ায় মাত্র ১৪ হাজার ৩৮৩টিতে। অর্থাৎ ৯ বছরে উপজেলায় প্রসব কমেছে ২৪ হাজার ৫৮৫টি বা ৬৩ দশমিক ১১ শতাংশ। বিপরীতে নগরীর চমেক হাসপাতালে ২০২৫ সালে ১৬ হাজার ৫৮৯টি প্রসবের মধ্যে ৫৬ শতাংশ এবং জেনারেল হাসপাতালে ১ হাজার ৪২১টি প্রসবের মধ্যে ৫২ শতাংশই সিজারিয়ান পদ্ধতিতে সম্পন্ন হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসক ডা. মাহফুজুর রহমান বলেন, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো ক্রমেই প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে পরিণত হচ্ছে। সেখানে মানসম্মত সেবা ও প্রয়োজনীয় পরীক্ষণ যন্ত্রপাতির ঘাটতি স্পষ্ট। ফলে জটিল রোগী এলে চিকিৎসকদের বাধ্য হয়েই চমেকে রেফার করতে হয়, এতে ওই হাসপাতালে বাড়তি চাপ তৈরি হচ্ছে। শিশু ও প্রসূতি চিকিৎসা স্পর্শকাতর হওয়ায় পরিবারের সদস্যরাও ঝুঁকি এড়াতে উন্নত সেবার খোঁজে বেসরকারি হাসপাতাল বা চমেকমুখী হচ্ছেন। তিনি বলেন, পাশাপাশি চিকিৎসক সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে উপজেলা পর্যায়ে আগের মতো সেবা পাওয়া যাচ্ছে না, বিশেষ করে প্রসবকালীন জটিলতার আশঙ্কায় মানুষ বিকল্প হিসেবে উন্নত চিকিৎসাকেন্দ্র বেছে নিচ্ছেন।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১৭ সালে চট্টগ্রামের ১৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া ৩৮ হাজার ৯৮৬টি শিশুর মধ্যে ২৭ হাজার ৮৮৮টি নরমাল ডেলিভারি এবং ৯ হাজার ৮৮০টি সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয়। কিন্তু ৯ বছরের ব্যবধানে ২০২৫ সালে উপজেলায় ডেলিভারি হওয়া ১৪ হাজার ৩৮৩টি শিশুর মধ্যে ১৩ হাজার ২২৩টি নরমাল এবং মাত্র ৯৯৬টি সিজারিয়ানে জন্ম নেয়। মাঝের বছরগুলোতে প্রসবের সংখ্যায় কিছুটা ওঠানামা ছিল। গত ৯ বছরের উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায় উপজেলায় নরমাল ডেলিভারির হার বাড়লেও সন্তানসম্ভবা মায়েদের ভর্তির হার কমেছে।
সন্তানসম্ভবা মায়েদের স্বাস্থ্য কমপ্লেক্সে না আসার কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে, উপজেলা পর্যায়ের মাতৃসেবা ব্যবস্থার দুর্বলতার পাশাপাশি কাঠামোগত সমস্যাও রয়েছে। চিকিৎসক সংকট, পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত জনবল ও আধুনিক যন্ত্রপাতির অভাবে জটিল প্রসব ব্যবস্থাপনা সম্ভব না হওয়ায় রেফারেল নির্ভরতা বাড়ছে। আর এ সুযোগ নিচ্ছেন স্থানীয় পর্যায়ের দালালরা। তারা কৌশলে নগরের প্রাইভেট ও বেসরকারি হাসপাতালগুলোতে রোগীদের স্থানান্তর করছেন। আবার অনেকে আপনজনের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে উপজেলা পর্যায়ে রোগী ভর্তি না করে নগরের সরকারি ও প্রাইভেট হাসপাতালে নিয়ে আসছেন।