জিম্মি ছেলেকে ফিরে পাওয়ার আশায় একবার নয়, কয়েক দফায় পাঁচ লাখ টাকা পাঠিয়েছিলেন বৃদ্ধ বাবা আব্দুস সামাদ। কিন্তু টাকা নিয়েও কথা রাখেনি অপহরণকারীরা। ছেলের কোনো সন্ধান তো মেলেইনি, উল্টো পরে আরও ৪২ লাখ টাকা দাবি করা হয়। শেষ পর্যন্ত প্রতারণার শিকার হয়ে আইনের আশ্রয় নেন এই অসহায় বাবা।
মামলার তদন্তে নেমে মানব পাচারকারীচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বৃহস্পতিবার দুপুরে নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে মনোয়ার হোসেন ও সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। তবে লিবিয়ায় জিম্মি সাইফুলের এখনো সন্ধান মেলেনি।
গতকাল শুক্রবার সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) ছুফি উল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাইফুল। সচ্ছলতার আশায় প্রায় দুই বছর আগে তিনি বাংলাদেশি দালাল সোহেলের মাধ্যমে লিবিয়ায় যান। ২০২৫ সালের ৫ আগস্ট দুপুরে লিবিয়ার একটি মোবাইল নম্বর থেকে সাইফুলের স্ত্রীর ফোনে একটি কল আসে। অপর প্রান্ত থেকে জানানো হয়, সাইফুল তাদের হেফাজতে জিম্মি। তাকে জীবিত ফিরে পেতে ৩০ লাখ টাকা দিতে হবে। অন্যথায় তাকে হত্যা করা হবে। এমনকি মুক্তিপণের অর্ধেক টাকা পরিশোধ না করা পর্যন্ত সাইফুলের সঙ্গে পরিবারের কাউকে কথা বলতেও দেওয়া হবে না।
দিশেহারা সাইফুলের স্ত্রী বিষয়টি জানান শ্বশুর আব্দুস সামাদকে। তিনি ছেলের জীবন রক্ষার্থে ২০২৫ সালের ১০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত কয়েক দফায় সুন্দরগঞ্জের বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকান থেকে অভিযুক্তদের দেওয়া একাধিক বিকাশ নম্বরে পাঁচ লাখ টাকা পাঠান।
সিআইডি জানায়, পরিবারের বিশ্বাস ছিল, টাকা পাওয়ার পর অন্তত সাইফুলের সঙ্গে কথা বলার সুযোগ দেবে অপহরণকারীরা। হয়তো ছেলেকে ফিরিয়ে আনারও একটি পথ তৈরি হবে। কিন্তু পাঁচ লাখ টাকা নেওয়ার পরও কথা রাখেনি চক্রটি। এরপর সোহেল নামের এক ব্যক্তি সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে দাবি করেন, সাইফুলের বিষয়ে তার কাছে সব তথ্য রয়েছে। প্রয়োজনে তিনি নিজেই লিবিয়ায় গিয়ে সাইফুলকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনবেন বলেও আশ্বাস দেন। এ জন্য তিনি সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় আসতে বলেন। তবে সেখানে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে সোহেলের মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর অন্য একটি নম্বর থেকে সাইফুলের বাবা আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করে ছেলেকে উদ্ধারের জন্য আরও ৪২ লাখ টাকা দাবি করা হয়।
ছেলের জীবন নিয়ে দুশ্চিন্তা ও বারবার মুক্তিপণের দাবিতে আর্থিক ও মানসিকভাবে ভেঙে পড়ে আব্দুস সামাদ ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে করা মামলার তদন্তভার নেয় সিআইডির টিএইচবি ইউনিট।
সিআইডি জানিয়েছে, তথ্য-উপাত্ত, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার নাটোরের সিংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মনোয়ার হোসেন ও সোহেল রানাকে গ্রেপ্তার করে সিআইডি। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মানব পাচারের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্তের চেষ্টা করছে সিআইডি। একইসঙ্গে সাইফুল কোথায় এবং কী অবস্থায় রয়েছে, তা জানারও চেষ্টা চলছে।