গাড়ির গিয়ারের আদলে ৩ কেজি স্বর্ণ পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে অভিনব কায়দায় স্বর্ণ পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন সুধীর কুমার ধর (৪১) নামের এক ব্যক্তি। গাড়ির গিয়ারের আদলে তৈরি করা স্বর্ণের দুটি চাকতি নিয়ে নগরের হাজারী গলি থেকে ঢাকার তাঁতীবাজারে যাচ্ছিলেন তিনি। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে নগরের সিটি গেট এলাকায় পুলিশের তল্লাশিচৌকিতে ধরা পড়েন সুধীর। তার কাছ থেকে উদ্ধার করা দুটি স্বর্ণের চাকতি, যার ওজন ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা। এ ঘটনায় সুধীরের বিরুদ্ধে আকবর শাহ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

পুলিশ জানায়, দেখতে অবিকল গাড়ির গিয়ারের মতো। চারপাশে খাঁজকাটা দাঁত, মাঝখানে ছিদ্র। কালো রং করা এমন দুটি চাকতি রাখা ছিল তার শপিং ব্যাগে। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না। পুলিশের তল্লাশিচৌকি এড়াতে বাস থেকে নেমে হেঁটে পার হওয়ার চেষ্টা করেন সুধীর। কিন্তু পুলিশের সন্দেহ হওয়ায় ধরা পড়েন। পরে কালো রং পরিষ্কার করতেই বেরিয়ে আসে আসল রহস্য। গাড়ির গিয়ারের আদলে তৈরি চাকতি দুটি আসলে স্বর্ণের।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন বলেন, সুধীরের শপিং ব্যাগে গাড়ির গিয়ারের মতো দেখতে দুটি বস্তু পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এগুলো গাড়ির যন্ত্রাংশ বলে দাবি করেন। তবে তার কাছে বস্তু দুটি ঢাকায় নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে পুলিশের সন্দেহ হয়। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, বস্তু দুটি আসলে স্বর্ণ গলিয়ে গিয়ারের আদলে তৈরি করা হয়েছে। সহজে শনাক্ত হওয়া ঠেকাতে সেগুলোর ওপর কালো রং করা হয়েছিল। 

জিজ্ঞাসাবাদে সুধীর পুলিশকে জানান, হাজারী গলির এক ব্যবসায়ী তাকে স্বর্ণগুলো ঢাকার তাঁতীবাজারে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছিলেন। সেখানে এক ব্যবসায়ীর কাছে এ স্বর্ণ বিক্রির কথা ছিল।

নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) আলমগীর হোসেন বলেন, উদ্ধার করা স্বর্ণের বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সুধীর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুধীরের সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাকে  শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।