সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান চলাচল ও বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া সব ধরনের যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
সেখানে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ী, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি প্রবেশ করতে পারবে। তবে নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।
গত রবিবার (৮ নভেম্বর) থেকে টানা তিনদিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দশটির বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ছয়টি স্থানে হাতবোমা বা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে সেদিনই আটক করা হয়েছিল।
এরপর মঙ্গলবার (১০ নভেম্বর) বিজনেস অনুষদে দাঁড়িয়ে থাকা এক গাড়ির ওপর হাতবোমা বিস্ফোরণে চালকসহ দুজন আহত হয়। এ ঘটনায় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ককটেলবাজিতে সম্পৃক্ততার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক শিক্ষার্থী, এক কর্মকর্তা ও কর্মচারীসহ মোট তিনজনকে সাময়িক বরখাস্ত করেছে।
ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে।
এদিকে ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় শর্ট কোর্সে অংশ নিতে আসা চীনের আট শিক্ষার্থী কোর্স শেষের আগেই দেশে ফিরে যাচ্ছেন। আট শিক্ষার্থীর মধ্যে দুজন ইতোমধ্যে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বাকি ছয়জন আগামী ১৩ নভেম্বর দেশে ফিরবেন।