ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় শর্ট কোর্সে অংশ নিতে আসা চীনের আট শিক্ষার্থী কোর্স শেষের আগেই দেশে ফিরে যাচ্ছেন। চলতি নভেম্বরের শেষের দিকে তাদের কোর্স শেষ হওয়ার কথা থাকলেও সম্প্রতি ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে তারা কোর্স শেষের আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাওসার এ তথ্য নিশ্চিত করে জানান, আট শিক্ষার্থীর মধ্যে দুজন ইতোমধ্যে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বাকি ছয়জন আগামী ১৩ নভেম্বর দেশে ফিরবেন। নিজ দেশের বিশ্ববিদ্যালয়ের পরামর্শ অনুযায়ী তারা চীনে ফিরে যাচ্ছেন।
অধ্যাপক কাওসার বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের কাছে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটতে দেখে শিক্ষার্থীরা ভীত হয়ে পড়েন। এ ঘটনার পরই তারা নির্ধারিত সময়ের আগে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
জানা গেছে, চীনের এই আট শিক্ষার্থী চীনের গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি শর্ট কোর্সে অংশ নিতে এসেছিলেন। এই প্রোগ্রামের নিয়ম অনুযায়ী, বাংলা ভাষা শেখার জন্য তাদের বাংলাভাষী দেশে এক বা দুই সেমিস্টার থাকতে হয়। চলতি নভেম্বরের শেষ দিকে পরীক্ষা দিয়ে তাদের কোর্সটি শেষ হওয়ার কথা ছিল। সম্প্রতি ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। ফলে কোর্স শেষ না করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তারা। দেশে ফিরে নিজ বিশ্ববিদ্যালয় থেকেই তারা এই কোর্সের অবশিষ্ট পরীক্ষায় অংশ নেবেন।
এর আগে গত রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছয়টি ভিন্ন স্থানে অন্তত আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরদিন সোমবার টিএসসি এলাকায় আরেকটি বিস্ফোরণ হয়। পরে মঙ্গলবার দুপুরে ব্যবসায় শিক্ষা অনুষদের একাডেমিক ভবনের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণে একজন আহত হন।
ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২
ঢাবিতে ছয় স্থানে হাতবোমা বিস্ফোরণ, আটক ৩