খুলনায় ১০০টি ওয়াটার এটিএম বুথ স্থাপনের পরিকল্পনা

খুলনা নগরীতে নিরাপদ ও সাশ্রয়ী পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে ওয়াটার এটিএম বুথ স্থাপনের কার্যক্রম দ্রুত সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ উদ্যোগ বাস্তবায়নে নতুন বুথ স্থাপনের জন্য জমি দেওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি।

গত ১১ নভেম্বর খুলনা ওয়াসার (কেওয়াসা) সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় তিনি এ আহ্বান জানান। 

সভায় খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ শাহ, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ এশিয়া পানি ও নগর উন্নয়ন খাতের পরিচালক সাতোশি ইশিই এবং ড্রিংকওয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরী উপস্থিত ছিলেন।

সভায় নজরুল ইসলাম মঞ্জু বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানুষ বসতভিটা ছেড়ে খুলনা শহরে আসছে। নগরীর প্রায় দুই লাখ মানুষ এখনো পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের সুবিধা থেকে বঞ্চিত। তাদের বড় একটি অংশ বস্তি ও রেলস্টেশনসংলগ্ন এলাকায় বসবাস করেন। নিরাপদ পানীয় জলের জন্য এসব এলাকার বাসিন্দারা তার কাছে নিয়মিত আবেদন জানান।

তিনি বলেন, কয়েকটি এলাকায় গভীর নলকূপ স্থাপন করা হলেও সেখান থেকে পানযোগ্য পানি পাওয়া যাচ্ছে না। আবার নগরীর বেশ কয়েকটি বড় ওয়ার্ডে চার থেকে পাঁচ ফুট প্রশস্ত সরু গলি থাকায় সেখানে পানির পাইপলাইন স্থাপন করাও কঠিন। এসব এলাকায় ওয়াটার এটিএম বুথ স্থাপন করা প্রয়োজন।

কেসিসি প্রশাসক বলেন, নির্দিষ্ট মেয়াদে অর্থায়ননির্ভর নিরাপদ পানি প্রকল্পগুলোর অনেকগুলোই অর্থায়ন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কার্যক্রম বন্ধ করে দেয়। তবে খুলনার খালিশপুরে খুলনা ওয়াসার সঙ্গে অংশীদারত্বে ড্রিংকওয়েলের পরিচালিত ওয়াটার এটিএম বুথ পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন। তার মতে, নিজস্ব পরিচালন ব্যয় নির্বাহে সক্ষম এ ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে।

ড্রিংকওয়েলের ওয়াটার এটিএম ব্যবস্থার সঙ্গে তার ব্যক্তিগত পরিচয়ের কথাও তুলে ধরেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি জানান, ঢাকার ধানমন্ডিতে তার ছেলে ও মেয়ে আগে ড্রিংকওয়েলের ওয়াটার এটিএম বুথ থেকে পানি সংগ্রহ করত। তাই খুলনায় প্রতিষ্ঠানটির ওয়াটার এটিএম কার্ড দেখে তিনি আনন্দিত হয়েছেন।

তিনি আরও বলেন, রাজশাহী সিটি করপোরেশনের মতো খুলনা সিটি করপোরেশনও নতুন বুথ স্থাপনের জন্য জমি দিতে পারে। মানুষের নিরাপদ পানির প্রয়োজন এখনই। তাই এ কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া জরুরি।

সভায় খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ শাহ বলেন, ড্রিংকওয়েলের সঙ্গে তিন বছর মেয়াদি সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় ওয়াসা এ কার্যক্রম সম্প্রসারণে সর্বাত্মক সহযোগিতা করবে। চুক্তি অনুযায়ী, খুলনা নগরীতে সর্বোচ্চ ১০০টি ওয়াটার এটিএম বুথ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এডিবির পরিচালক সাতোশি ইশিই সভায় অংশ নিয়ে খুলনায় নিরাপদ পানীয় জলের সুযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগের প্রতি আগ্রহ প্রকাশ করেন।

এর দুই দিন আগে, ৯ নভেম্বর সাতোশি ইশিইয়ের নেতৃত্বে এডিবির আট সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকার কারওয়ান বাজারে ড্রিংকওয়েলের একটি ওয়াটার এটিএম বুথ পরিদর্শন করে। ঢাকা ওয়াসার সঙ্গে অংশীদারত্বে বুথটি পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। ড্রিংকওয়েলের প্রধান নির্বাহী মিনহাজ চৌধুরী প্রতিনিধিদলকে স্বাগত জানান। পরে তারা ঢাকায় প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে মাঠপর্যায়ের কর্মীদের কার্যক্রম পরিচালনা এবং বুথগুলোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণের পদ্ধতি সম্পর্কে তাদের জানানো হয়।

ড্রিংকওয়েলের প্রধান নির্বাহী মিনহাজ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের পানি সংকট মূলত সমন্বয়ের সংকট।’ জলবায়ু পরিবর্তনের কারণে শহরগুলোতে পানির ওপর চাপ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, সিটি করপোরেশন জমি, ওয়াসা পানি এবং উন্নয়ন সহযোগীরা প্রয়োজনীয় সহায়তা দিলে নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করা সম্ভব। এতে নির্দিষ্ট মেয়াদের এনজিওনির্ভর প্রকল্পের পরিবর্তে স্থানীয়ভাবে পরিচালিত দীর্ঘস্থায়ী সেবাব্যবস্থা গড়ে উঠবে, যা প্রায় এক দশক পর্যন্ত কার্যকর থাকতে পারে।

২০১৩ সালে প্রতিষ্ঠিত ড্রিংকওয়েল নিজস্ব বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ পানীয় জল উৎপাদনের ব্যয় কমাতে কাজ করছে। প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল অঞ্চলে পানি সরবরাহকারী সংস্থা, সিটি করপোরেশন ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে কাজ করছে। বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির ৭০০টির বেশি স্থাপনার মাধ্যমে এ পর্যন্ত ৩০ লাখের বেশি মানুষ উপকৃত হয়েছেন।

বাংলাদেশে ঢাকা ওয়াসার সঙ্গে অংশীদারত্বে প্রায় ৩০০টি ওয়াটার এটিএম বুথ পরিচালনা করছে ড্রিংকওয়েল। এ ছাড়া চট্টগ্রাম ওয়াসা, খুলনা ওয়াসা, রাজশাহী সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সঙ্গেও কাজ করছে প্রতিষ্ঠানটি।