কুমিল্লায় এমপি সংবর্ধনায় সংঘর্ষের ঘটনায় ২ বিএনপি নেতা বহিষ্কার

কুমিল্লার তিতাসে বিএনপির সংসদ সদস্যের (এমপি) সংবর্ধনা অনুষ্ঠানে দুই সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এই বিষয়ে নিশ্চিত করেন।

গত ১২ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে পৃথক চিঠির মাধ্যমে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কার নেতারা হলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এমদাদ হোসেন আখন্দ ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সাইমুল ইসলাম আখন্দ। সর্ম্পকে তারা সহদর ভাই। 

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম স্বাক্ষরিত বহিষ্কার চিঠিতে বলা হয়, সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ দলের নেতাদের উপস্থিতিতে প্রতিপক্ষের লোকজনের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো সংগঠনবিরোধী কর্মকাণ্ড। এ কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্যসচিব মোহাম্মদ আলমগীর স্বাক্ষরিত অপর এক চিঠিতে বলা হয়, লাঠিসোঁটা নিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে সাইমুল ইসলাম আখন্দকে পদ থেকে বহিষ্কার করা হলো।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-২ আসনে বিএনপির সংসদ সদস্য সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়া হয়। এর আয়োজন করেন তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন প্রধান। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি ও ইউপির নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এমদাদ হোসেন আখন্দ এবং তার ছোট ভাই সাইমুল ইসলাম আখন্দ সমর্থকদের নিয়ে মঞ্চে যান। এ সময় তাদের সমর্থকদের সঙ্গে জামাল উদ্দিনের সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষ লাঠি, চেয়ার ও ফেস্টুনের কাঠ নিয়ে পাল্টাপাল্টি হামলায় জড়ায়। সংঘর্ষের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় দল থেকে দুই নেতার বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।