দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য ব্রেইল বই প্রকাশ

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রসারে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য দুটি বাংলা ব্রেইল বই প্রকাশ করেছে মেটলাইফ ফাউন্ডেশন ও ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ)। বই দুটি হলো ‘নির্বাচিত রূপকথা’ ও ‘কাজী নজরুল ইসলামের কবিতা’।

২০০৫ সালে প্রতিষ্ঠিত ডিসিএফ শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কাজ করছে। পাঠ্যসামগ্রীর সহজলভ্যতা বাড়াতে প্রতিষ্ঠানটি একটি ব্রেইল মুদ্রণকেন্দ্রও পরিচালনা করে।

নতুন প্রকাশিত বইগুলো বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরি, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। এর ফলে দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা নিজেদের মতো করে পড়াশোনা ও সাহিত্যচর্চার সুযোগ পাবে। পাশাপাশি দেশের সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্য ও খ্যাতিমান লেখকদের সৃষ্টিকর্মের সঙ্গে তাদের পরিচিত হওয়ার পথ আরও সুগম হবে।

এ অংশীদারিত্বের আওতায় দৃষ্টি প্রতিবন্ধী তরুণদের দক্ষতা উন্নয়ন কর্মসূচিতেও সহায়তা করছে মেটলাইফ ফাউন্ডেশন। এর লক্ষ্য, প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ বাড়ানো।

ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নাসরিন জাহান বলেন, ‘প্রতিটি শিশুরই পড়া ও শেখার আনন্দ উপভোগ করার সুযোগ থাকা উচিত। মেটলাইফ ফাউন্ডেশনের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে ব্রেইল বইয়ের সহজলভ্যতা বাড়ছে। একই সঙ্গে দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা বাংলাদেশের সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্যের সঙ্গে আরও স্বাধীনভাবে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে।’

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ সবার জন্য সহজলভ্য হওয়া উচিত। ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের সঙ্গে মেটলাইফ ফাউন্ডেশনের এই উদ্যোগ দৃষ্টি প্রতিবন্ধী শিশু ও তরুণদের পাঠ্যসামগ্রী ব্যবহারের সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করবে। এর মাধ্যমে তারা আরও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের স্বপ্ন ও লক্ষ্য অনুসরণ করতে পারবে।’