ঠাকুরগাঁওয়ে এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা দিয়েছে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী। সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের দয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। শিশুদের ফুলের ডালা, গাঁদা ফুলের পাপড়ি ও গোলাপ দিয়ে অতিথিকে বরণ করার দৃশ্য ছিল উল্লেখযোগ্য।

সংবর্ধনা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের চৌরাস্তা ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে শিশু-কিশোর, তরুণসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। শোভাযাত্রায় নাচ-গান ও আনন্দ-উল্লাসে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা।

আয়োজকেরা জানান, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য নিয়ে গত ৪২ বছর ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এমন আয়োজনে অংশ নিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন মির্জা ফয়সল আমিন। এ অর্জন শুধু তার একার নয়, বরং সবার সম্মিলিত অবদানের ফল বলে মন্তব্য করেন তিনি।

শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ, বর্ণিল শোভাযাত্রা ও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।