চিতাবাঘের ভয়ে ফসলের মাঠে যাচ্ছেন না কৃষকেরা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩০ এএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী ধনতলা শুঘানপাড়া এলাকায় নাগর নদীর ওপারে দুটি চিতাবাঘের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৬টার দিকে স্থানীয় কিশোর জুবায়ের আল আমিন সীমান্তবর্তী নাগর নদীর পাড়ে চিতাবাঘ দুটিকে বিচরণ করতে দেখে। এ সময় সে মুঠোফোনে বাঘ দুটির ছবি ধারণ করে।

জানা যায়, শুক্রবার ভোরে বাঘ দুটি বাংলাদেশ সীমান্তের লোকালয়ের খুব কাছাকাছি অবস্থান করছিল। পরে সেগুলোকে পার্শ্ববর্তী একটি চা-বাগানের ভেতরে ঢুকে পড়তে দেখা যায়। ভৌগোলিক অবস্থানের দিক থেকে নাগর নদী ভারত ও বাংলাদেশের সীমান্ত নির্ধারণ করায় নদী পার হয়ে বাঘগুলো বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনার পর থেকে সীমান্তবর্তী গ্রামগুলোতে মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। ভয়ে কৃষকেরা ফসলের মাঠেও যেতে পারছেন না।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, ভারতীয় সীমান্তবর্তী এলাকায় বন্যপ্রাণীর এমন অনাকাঙ্ক্ষিত উপস্থিতি তাঁদের দৈনন্দিন জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। বাঘগুলো অত্যন্ত ক্ষিপ্র এবং চা-বাগানের ঝোপঝাড়ে লুকিয়ে থাকায় সেগুলো শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। ফলে গৃহস্থালি ও গবাদিপশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তাঁদের আশঙ্কা, নদী পার হয়ে বাঘগুলো যেকোনো সময় লোকালয়ে প্রবেশ করতে পারে। এতে প্রাণহানির ঝুঁকি তৈরি হতে পারে।

স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী জানান, বাঘের উপস্থিতির কথা শুনে তিনি নদীর পাড়ে এসেছেন। অনেকক্ষণ অপেক্ষা করেও বাঘ দেখতে পাননি।

এদিকে সদর উপজেলার শিবগঞ্জ থেকে বাঘ দেখতে ধনতলায় গিয়েছেন মো. শাহীন। তিনিও দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাঘের দেখা পাননি বলে জানান।

ঘটনার সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় নিরাপত্তার বিষয়ে জানতে চাওয়া হলে সংশ্লিষ্ট বন বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

তবে ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাঘগুলোর অবস্থান ভারতের সীমান্তের ভেতরে, অর্থাৎ বাংলাদেশ সীমান্তের ওপারে। তাই এ নিয়ে তেমন ভয়ের কারণ নেই। এরপরও সীমান্তবাসীকে সতর্ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত