মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি সাইফুল, সম্পাদক আবিদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি পদে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক পদে জগদীশপুর জেসি হাইস্কুলের সহকারী শিক্ষক মো. আবিদ মিয়া নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলা আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার দিললর আলী।

সভাপতি পদে এ কে এম সাইফুল আলম ২২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার মো. রেজাউল করিম পেয়েছেন ১৫৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জগদীশপুর জেসি হাইস্কুলের সহকারী শিক্ষক মো. আবিদ মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আন্দিউড়া উম্মেতুন্নেছা হাইস্কুলের সিনিয়র শিক্ষক ফখরুজ্জামান পেয়েছেন ১৫৪ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে সাহেবনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশিকুল ইসলাম ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ের তাউছ মিয়া পেয়েছেন ১০৭ ভোট।

অর্থ সম্পাদক পদে ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মনতলা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক খলিলুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আউলিয়াবাদ আরকে হাইস্কুলের নুরুল আমিন পেয়েছেন ১৫৭ ভোট।

নির্বাচনে মাধবপুর উপজেলার ২৬টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩৯৯ জন ভোটার ছিলেন। তাদের মধ্যে ৩৮২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।