ফ্লাইট বিপর্যয়ে স্থবির যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, ভোগান্তিতে হাজারো যাত্রী

টেলিযোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিভ্রাটের জেরে দেশজুড়ে কয়েক ঘণ্টা উড়োজাহাজ চলাচল বন্ধ (গ্রাউন্ড স্টপ) থাকার পর যুক্তরাষ্ট্রে আংশিকভাবে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়েছে। তবে এই বিপর্যয়ের রেশ না কাটায় শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ, আগমনী এবং বহির্গামী মিলিয়ে তিন হাজার ৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে দেশটির বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী এবং জমে থাকা ফ্লাইটের জট কাটাতে রীতিমতো হিমশিম খাচ্ছে এয়ারলাইনসগুলো। খবর সিএনএন।

ফ্লাইট তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা ‘ফ্লাইটঅ্যাওয়্যার’ জানিয়েছে, শুক্রবারের সিস্টেম বিপর্যয়ের পর শনিবার স্থানীয় সময় সকাল সোয়া ৬টা পর্যন্ত নির্ধারিত ফ্লাইটগুলোর মধ্যে ডেল্টা এয়ার লাইনস ১৯ শতাংশ, ইউনাইটেড এয়ারলাইনস ১৬ শতাংশ এবং আমেরিকান এয়ারলাইনস তাদের ১৪ শতাংশ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। ভ্রমণ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভয়াবহ বিপর্যয়ের পর ফ্লাইটের নিয়মিত সময়সূচি পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা নয়, বরং কয়েক দিন সময় লেগে যেতে পারে।

এদিকে, এই নজিরবিহীন ফ্লাইট বিপর্যয়ের জন্য পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রযুক্তি এবং অতিরিক্ত চাপের (ওভারলোডেড) রাউটারকে দায়ী করেছে ট্রাম্প প্রশাসন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) এই পুরনো অবকাঠামো দ্রুত আধুনিকায়নের ওপর জোর দেওয়া হয়েছে।

তবে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েইন মুলিন নিশ্চিত করেছেন যে, এই ফ্লাইট স্থগিতাদেশ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রতি কোনো হুমকির কারণে ঘটেনি এবং চলতি সপ্তাহের মাইক্রোসফট বিভ্রাটের সঙ্গেও এর কোনো যোগসূত্র নেই।

 

অন্যদিকে, পরিবহনমন্ত্রী শন ডাফি এভিয়েশন ব্যবস্থার উন্নয়নে জরুরি তহবিল বরাদ্দ দিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে স্বীকার করলেও আসন্ন ‘থ্যাংকসগিভিং’ ছুটির ভ্রমণে এর কোনো প্রভাব পড়বে না বলে তিনি আশা প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের এই আকাশপথের অচলাবস্থার প্রভাব পড়েছে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর এবং দেশটির অভ্যন্তরীণ ক্রীড়াঙ্গনেও। প্যারিসের চার্লস দ্য গল ও জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রগামী বেশ কিছু ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

পাশাপাশি যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনাল থেকে ডালাস, লস অ্যাঞ্জেলেস ও শিকাগোগামী অন্তত তিনটি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া ফ্লাইট জটিলতার কারণে শনিবারের নির্ধারিত বেশ কয়েকটি কলেজ ফুটবল ম্যাচের সময়সূচি পরিবর্তন করতে বাধ্য হয়েছেন আয়োজকরা, যার মধ্যে শীর্ষ ২৫ দলের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচও রয়েছে।

এমন আকস্মিক বিপর্যয়ের মুখে যাত্রীদের অধিকার ও করণীয় সম্পর্কে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ট্রাভেল ওয়েবসাইট ‘গোয়িং ডট কম’-এর মুখপাত্র ক্যাটি নাস্ট্রো মার্কিন পরিবহন বিভাগের নিয়মের কথা উল্লেখ করে জানান, কোনো এয়ারলাইনস ফ্লাইট বাতিল করলে এবং যাত্রী ভ্রমণ না করার সিদ্ধান্ত নিলে টিকিটের সম্পূর্ণ অর্থ নগদ ফেরত (রিফান্ড) পাওয়ার পূর্ণ অধিকার তার রয়েছে।

এয়ারলাইনস কর্তৃপক্ষ টাকার বদলে ক্রেডিট বা ভাউচার দিতে চাইলে যাত্রীরা তা প্রত্যাখ্যান করতে পারেন। এছাড়া এয়ার যাত্রী অধিকারবিষয়ক সংস্থা ‘এয়ারহেল্প’-এর প্রধান আইন কর্মকর্তা এরিক নাপোলি দুর্যোগ বা যান্ত্রিক জটিলতায় তাৎক্ষণিকভাবে বিকল্প ভ্রমণের পরিকল্পনা করার এবং তুলনামূলক কম বিলম্বিত হয় এমন খুব ভোরের ফ্লাইটগুলো বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন।