যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় যোগাযোগের সমস্যার কারণে দেশজুড়ে সব উড়োজাহাজের উড্ডয়ন বন্ধের চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা আবারও খুলে দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। ফলে আবারও শুরু হয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল। তবে ফ্লাইট বিলম্বের আশঙ্কা রয়েছে। খবর বিবিসি
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, প্রায় চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশপথে আবার উড়োজাহাজ চলছে। ‘পুরোনো হার্ডওয়্যারের কারণে’ এমন বিপর্যয় হয়েছে বলে তিনি জানান।
তিনি জানান, টেলিযোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণ শনাক্ত করার পর স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে (শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টা ১৫ মিনিট) আকাশসীমা খুলে দেয়া হয়েছে। তবে ধীরে ধীরে ফ্লাইট চলাচল শুরু হবে।
সাংবাদিকদের তিনি আরও বলেন, এই বিপর্যয় কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। অসংখ্য যাত্রী এখনও বিমানবন্দরে আটকে আছে।
তবে শনিবার উল্লেখযোগ্যসংখ্যক ফ্লাইট আবারও চলাচল শুরু করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
এর আগে বিমান চলাচল নিয়ন্ত্রণ টাওয়ারগুলোর যোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কথা জানিয়ে স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৫৪ মিনিটে যুক্তরাষ্ট্রজুড়ে সব বহির্গামী ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করে এফএএ।
হোয়াইট হাউস কর্মকর্তারা জানিয়েছিলেন, এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ ত্রুটির কারণেই ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল।
আর এই সিদ্ধান্তের ফলে ১০ হাজারের বেশি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন হাজার হাজার যাত্রী।
যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ঘোষণা