মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সাইফুল ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। শনিবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার স্থানীয় একটা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. সাইফুল ইসলাম বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে নোয়াখালী বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুজ্জামান জানান, ঘটনা জানাজানি হবার পর অভিযুক্ত আসামি সাইফুল ইসলামকে আটক করে উত্তেজিত জনতার হাতে থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে‌। এলাকাবাসী এতটাই উত্তেজিত যে ঘটনার বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। বিস্তারিত তদন্ত সাপেক্ষে অভিযোগের বিষয়ে জানতে আরো সময় লাগবে।

স্থানীয়রা জানায়, অভিযুক্ত শিক্ষক মো. সাইফুল ইসলাম মাদ্রাসার ওই শিশু শিক্ষার্থীকে কিছু দিন আগে তার রুমে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা চালায়। এরপর শিশুটি বাড়িতে গিয়ে তার পরিবারকে জানায়।  শনিবার (১৪ নভেম্বর) বিকালে এ ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় জনতা ও শিশুটির পরিবার ক্ষুব্ধ হয়ে মাদ্রাসায় অবস্থান নেয় এবং ওই শিক্ষককে আটকে রেখে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে অভিযুক্ত শিক্ষককে উত্তেজিত জনতার হাতে থেকে উদ্ধার করে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী পুলিশের গাড়ি গতিরোধ করে ওই শিক্ষককে আবার গণপিটুনি দেয়।

অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ​স্থানীয়রা।