নোয়াখালীতে ওবায়দুল কাদেরের দুই আত্মীয় গ্রেপ্তার 

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই ও ভাতিজাকে গ্রেপ্তার করেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার বসুরহাট পৌরসভার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামছুর রহমান টিপু (৬২) এবং তার ছেলে বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খান শিহাবুর রহমান শিহাব (৩২)। সম্পর্কে শামছুর রহমান টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শামছুর রহমান ও তার ছেলে শিহাব অন্যত্র আত্মগোপনে না গিয়ে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তারা বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেইট এলাকার মৌলভী আমিন উল্যাহ খাঁনের বাড়িতে অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে রাতেই পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে বাবা ও ছেলেকে একসঙ্গে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাস দমন আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে তাদেরকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত