ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পবিত্র কোরআন মুখস্থ করায় এক হাজার নারী-পুরুষকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফিলিস্তিনের ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ওয়াক্ফ বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের সম্মাননা জানানো হয়।
জর্ডান নিউজের এক বলা প্রতিবেদনে বলা হয়, আলজেরিয়ার একটি সংগঠনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেন স্থানীয় বাসিন্দা ও সম্মাননাপ্রাপ্ত হাফেজদের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানের আগে কোরআনের হাফেজদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন বয়সী হাফেজরা পবিত্র কোরআনের কপি হাতে নিয়ে অংশ নেন। তারা ধর্মীয় সংগীত ও ইসলামি স্লোগান পরিবেশন করেন। যুদ্ধ ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গাজাবাসীর কোরআন শিক্ষা ও হিফজ কার্যক্রম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় শোভাযাত্রায় ফুটে ওঠে।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা যুদ্ধের ভয়াবহতা এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নানা সংকটের মধ্যেও সন্তানদের জ্ঞানার্জন ও কোরআন মুখস্থ করার প্রতি আগ্রহী করে তোলায় গাজার পরিবারগুলোর প্রশংসা করেন।
আয়োজকরা বলেন, এক হাজার নারী-পুরুষের কোরআন হিফজ সম্পন্ন করার বিষয়টি তরুণ প্রজন্মের ধর্মীয় মূল্যবোধ ও নিজস্ব পরিচয়ের প্রতি অঙ্গীকারের প্রমাণ। প্রতিকূলতা সত্ত্বেও কোরআন শিক্ষার বিভিন্ন পাঠচক্র ও কেন্দ্রের কার্যক্রম অব্যাহত রয়েছে। স্থানীয় মানুষের সহযোগিতা এবং শিক্ষক ও তত্ত্বাবধায়কদের প্রচেষ্টায় এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানের শেষ পর্বে হাফেজদের হাতে সনদ ও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় সম্মাননাপ্রাপ্তদের পরিবার ও উপস্থিত অতিথিদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়।
অনুষ্ঠানের শোভাযাত্রা ও সম্মাননা পর্বের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বিভিন্ন অ্যাকটিভিস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এসব ছবি ও ভিডিও শেয়ার করে যুদ্ধের কারণে সৃষ্ট কঠিন জীবনযাপন ও শিক্ষার পরিবেশের মধ্যেও নতুন প্রজন্মকে কোরআন শিক্ষায় এগিয়ে নিতে শিক্ষক ও শিক্ষাকেন্দ্রগুলোর প্রচেষ্টার প্রশংসা করেন।