বিয়ের অনুষ্ঠান, নাকি কনের বাবার ওপর বাড়তি চাপ? ইসলাম কী বলে?

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৭ এএম

বিয়ে দুটি মানুষের পবিত্র বন্ধন, নতুন জীবনের সূচনা। ইসলামে বিয়েকে সহজ, সুন্দর ও মর্যাদাপূর্ণ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অথচ আমাদের সমাজে বিয়েকে ঘিরে ক্রমেই বাড়ছে অর্থ ও উপহারকেন্দ্রিক নানা আয়োজন। কোথাও কনের পরিবারের কাছ থেকে অর্থ, স্বর্ণালংকার, আসবাব কিংবা দামি উপহার প্রত্যাশা করা হচ্ছে, কোথাও বিয়ের অনুষ্ঠানে টেবিল সাজিয়ে প্রকাশ্যে উপহার সংগ্রহের আয়োজন চলছে। সামাজিক মর্যাদা রক্ষার নামে অনেক পরিবারকে সামর্থ্যের বাইরে গিয়ে ব্যয় করতে হচ্ছে।

প্রশ্ন উঠেছে, বিয়ের নামে এসব আয়োজন ইসলামের আদর্শের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ?

ইসলামে বিয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো বর-কনের পারস্পরিক সম্মতি, ইজাব-কবুল, সাক্ষী এবং স্ত্রীর প্রাপ্য দেনমোহর। বিয়ের ক্ষেত্রে শরিয়ত নির্ধারিত দায়িত্ব ও অধিকার পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সামর্থ্য অনুযায়ী ওয়ালিমার আয়োজন করতেও উৎসাহিত করা হয়েছে।

সিনিয়র মুহাদ্দিস মুফতি আবু ওবায়দা বলেন, বিয়ের ক্ষেত্রে শরিয়ত নির্ধারিত দায়িত্ব পালনের বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে সামাজিকতা রক্ষা করতে গিয়ে অনেক সময় বর ও কনে উভয় পক্ষই প্রয়োজনের অতিরিক্ত খরচ করেন, যা অপচয়ের পর্যায়ে পড়ে। ইসলাম কখনোই এমন ব্যয়কে সমর্থন করে না।

তিনি বলেন, আল্লাহ তাআলা মানুষের ওপর তার সামর্থ্যের বাইরে কোনো দায়িত্ব চাপিয়ে দেননি। অথচ বিয়ের মতো একটি সহজ বিষয়কে আমরাই সামাজিক প্রতিযোগিতা ও লোকদেখানো আয়োজনের মাধ্যমে কঠিন করে তুলেছি। ইসলামে বারবার অপচয় না করার নির্দেশনা দেওয়া হয়েছে। তাই বিয়ের আয়োজনও করতে হবে যার যার সামর্থ্য অনুযায়ী।

ধর্মীয় দৃষ্টিতে স্বেচ্ছায় উপহার দেওয়া এবং যৌতুকের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। কোনো ধরনের দাবি, চাপ কিংবা সামাজিক বাধ্যবাধকতা ছাড়াই কেউ উপহার দিলে তা এক বিষয়। কিন্তু বিয়ের শর্ত হিসেবে কিংবা সামাজিক মর্যাদা রক্ষার অজুহাতে কনের পরিবারের কাছ থেকে অর্থ ও সামগ্রী আদায় করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। বিশেষ করে উপহার গ্রহণের জন্য প্রকাশ্যে টেবিল বসিয়ে উপহার সংগ্রহের আয়োজন অনেক সময় মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে।

বিয়ের দাওয়াত নিয়েও সমাজে রয়েছে বৈষম্যের প্রবণতা। অনেক ক্ষেত্রে ধনী ও প্রভাবশালী আত্মীয়স্বজনকে বেশি গুরুত্ব দেওয়া হলেও দরিদ্র ও অসচ্ছল মানুষদের উপেক্ষা করা হয়। অথচ ইসলামের শিক্ষা হলো, মানুষের সামাজিক অবস্থান কিংবা আর্থিক সামর্থ্য দিয়ে তার মর্যাদা নির্ধারণ করা যাবে না।

বিয়েতে অযথা ব্যয়, লোকদেখানো আয়োজন এবং উপহারকেন্দ্রিক প্রতিযোগিতা শুধু পারিবারিক অর্থনীতির ওপর চাপ তৈরি করে না, বরং বিয়ের মূল উদ্দেশ্যকেও আড়াল করে দেয়। অনেক পরিবার সামাজিক প্রত্যাশা পূরণ করতে গিয়ে ঋণগ্রস্ত হচ্ছে। ফলে যে আয়োজন হওয়ার কথা আনন্দের, তা অনেকের জন্য হয়ে উঠছে দুশ্চিন্তার কারণ।

বিয়ে কোনো ব্যবসায়িক চুক্তি নয়, কোনো পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের উপলক্ষও নয়। এটি ভালোবাসা, দায়িত্ব ও পারস্পরিক বিশ্বাসের সম্পর্ক। তাই যৌতুকের দাবি, উপহারের নামে চাপ সৃষ্টি এবং অযথা ব্যয়ের প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসা জরুরি।

বিয়ের সৌন্দর্য উপহারের টেবিলে নয়, বরং দুটি মানুষের সুন্দর দাম্পত্য জীবনের শুরুতে। কনের পরিবারের আর্থিক সামর্থ্য নয়, বরং কনের সম্মান, অধিকার ও পারস্পরিক সম্মতিই হোক বিয়ের মূল বিবেচনা।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত