রাশিয়ার ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও তাদের ২৪ মাস বয়সী শিশুকন্যা। খবর আল জাজিরার।
শনিবার (১৪ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।
রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে প্রোলেতারস্কি এলাকায় এ হামলা চালানো হয়। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতভর ইউক্রেনের ২৯টি ড্রোন প্রতিহত করেছে দেশটির সেনাবাহিনী। এর মধ্যে কয়েকটি মস্কো অঞ্চলের আকাশেও ভূপাতিত করা হয়েছে।
অন্যদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে রাশিয়া ৯৬টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। শনিবার ভোর পর্যন্ত এর মধ্যে ৮১টি ড্রোন ভূপাতিত অথবা ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে আটটি স্থানে ড্রোন আঘাত হেনেছে এবং আরও দুটি স্থানে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে। এ ছাড়া ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার খবর জানিয়েছে স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় দনবাস থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের বিনিময়ে দেশটিকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার বিষয়টি উত্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের আলোচকেরা।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তবে তার বক্তব্য শনিবার পর্যন্ত প্রকাশের ওপর নিষেধাজ্ঞা ছিল। জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা প্রথমবারের মতো এ প্রশ্ন তোলেন। তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়নি।
জেলেনস্কি বলেন, ইউক্রেন দনবাস থেকে সেনা প্রত্যাহার করবে না। তবে দেশটির জন্য দৃঢ় নিরাপত্তার নিশ্চয়তা, সশস্ত্র বাহিনীর অর্থায়ন এবং পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় অর্থ নিশ্চিত করা হলে বিষয়টি গণভোটে তোলার সুযোগ রয়েছে।
তিনি বলেন, ‘ন্যাটো আবারও আলোচনার বিষয় হয়ে উঠেছে।’
দনবাস অঞ্চলের অন্তর্ভুক্ত দোনেৎস্ক ও লুহানস্ক—ইউক্রেনের পূর্বাঞ্চলের দুটি অঞ্চল। এর কিছু অংশ বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে। মস্কো দীর্ঘদিন ধরে দনবাসের যেসব এলাকা এখনো কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে, সেখান থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। একই সঙ্গে ইউক্রেনের ন্যাটোর সদস্য হওয়ার বিরোধিতা করছে রাশিয়া। ন্যাটোর সদস্যদেশগুলো পারস্পরিক প্রতিরক্ষার অঙ্গীকারে আবদ্ধ।
জেলেনস্কি শুক্রবার আরও বলেন, ইউক্রেনকে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে তিনি দেশটির সংবিধান সংশোধন করবেন না। তার মতে, এ ধরনের পদক্ষেপ দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের বিরুদ্ধে লড়াই করে আসছে ইউক্রেন। এ যুদ্ধে পশ্চিমা দেশগুলো কিয়েভকে সহায়তা দিয়ে আসছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা আবার শুরু হয়েছে। এতে যুদ্ধ দ্রুত অবসানের সম্ভাবনা নিয়ে আশাবাদ তৈরি হলেও বন্দি বিনিময়ের উদ্যোগ ছাড়া আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে মনে হচ্ছে না। পরবর্তী দফার আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদেরও অংশ নেওয়ার কথা রয়েছে।
জেলেনস্কি বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোই ইউরোপের ‘একমাত্র প্রকৃত নিরাপত্তার নিশ্চয়তা’। ইউরোপের নিরাপত্তাব্যবস্থা পুনর্বিবেচনায় মস্কোর উদ্যোগকে বিপজ্জনক উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপই যুদ্ধ কিংবা সংঘাতের বিস্তার ঘটায়।