রাঙ্গাবালীতে বৈশাখী টিভির সাংবাদিককে নদীতে ফেলার চেষ্টা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহের। শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কোড়ালিয়া সংলগ্ন আগুনমুখা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আমিনুর রহমান বিল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে সাংবাদিককে মারধর, হত্যার হুমকি এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী জেলা শহরের সবুজবাগ ৭ নম্বর লেনের কাছে পটুয়াখালী সরকারি কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি স্পিডবোটে করে রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালীতে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোড়ালিয়া-বোয়ালিয়া ও খালগোড়া-গলাচিপা নৌপথে চলাচলকারী স্পিডবোটে যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট ব্যবহার না করা এবং সন্ধ্যার পর অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তথ্য সংগ্রহের জন্য শনিবার গলাচিপার বোয়ালিয়া থেকে রাঙ্গাবালীর কোড়ালিয়াগামী একটি যাত্রীবাহী স্পিডবোটের ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আবু তাহের।

এ সময় স্পিডবোটে থাকা আমিনুর রহমান বিল্লাহ ভিডিও ধারণে বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি সাংবাদিকের ওপর চড়াও হন। ঘটনার ভিডিওতে আবু তাহেরকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারার পাশাপাশি হত্যার হুমকি দেওয়ার দৃশ্যও দেখা গেছে।

সাংবাদিক আবু তাহেরের অভিযোগ, স্পিডবোট কর্তৃপক্ষের পক্ষে অবস্থান নিয়ে আমিনুর রহমান বিল্লাহ তার কাছে ভিডিও ধারণের কারণ জানতে চান। নিজের সাংবাদিক পরিচয় দিয়ে বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি জানানোর পর তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার মুখমণ্ডল, মাথা ও কপালে একের পর এক কিল-ঘুষি মারেন।

এমনকি চলন্ত স্পিডবোট থেকে ধাক্কা দিয়ে তাকে নদীতে ফেলে দেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন আবু তাহের। এতে ব্যর্থ হয়ে তাকে তুলে নেওয়ার জন্য স্পিডবোটটি বোয়ালিয়া ঘাটে ফিরিয়ে নিতে চালককে নির্দেশ দেন অভিযুক্ত ব্যক্তি। এ ছাড়া ঘটনার ভিডিও মুছে ফেলার উদ্দেশ্যে তার হাতে থাকা মোবাইল ফোনটি টেনেহিঁচড়ে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে আমিনুর রহমান বিল্লাহর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এগুলোর কোনো বাস্তবতা আছে? একটু আগে আমি গলাচিপা এসেছি। কালকে আপনি সামনাসামনি এসে কথা বলেন।’ এরপর তিনি অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু না বলে প্রসঙ্গটি এড়িয়ে যান।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, বিষয়টি খুবই ন্যক্কারজনক। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিকের হামলার শিকার হওয়ার ঘটনা খুবই দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে।

এদিকে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙ্গাবালী প্রেস ক্লাব। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।