জলবায়ু তহবিলের অর্থ যেন দুর্নীতির শিকার না হয়: জামায়াত

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পাঁচটি জরুরি প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের জন্য প্রতিশ্রুত ৩০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিলের স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি। তহবিলের অর্থ প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানো এবং দুর্নীতি রোধে নিয়মিত ব্যয়ের প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের আহ্বান জানিয়েছে জামায়াতের প্রতিনিধি দল।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম সালেহী বলেন, অতীতে জলবায়ু তহবিলে আন্তর্জাতিকভাবে বরাদ্দ অর্থ ব্যয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে। তাই নতুন বরাদ্দের অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত ট্র্যাকিং প্রতিবেদন প্রকাশ করতে হবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী না হলেও এর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ছে দেশের ওপর। অথচ আগের সম্মেলনগুলোতে প্রতিশ্রুত তহবিলের ৯ শতাংশেরও কম পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে অধিকাংশ অর্থই ছিল ঋণ। ভবিষ্যতে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক তহবিল আদায়ে সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াতের পরিবেশ রক্ষার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, দলের থ্রি জিরো ভিশনের মধ্যে রয়েছে জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট ও জিরো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। সম্মেলনের বিভিন্ন সাইড ইভেন্টে এসব প্রস্তাব তুলে ধরা হয়েছে। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বিশ্বনেতাদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মাহবুবুল আলম সালেহী বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষা কোনো রাজনৈতিক, ধর্মীয় বা আঞ্চলিক বিষয় নয়। প্রত্যাশিত তহবিল আদায়ে সরকারকে সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।

এদিকে বাংলাদেশ প্যাভিলিয়নে সংবাদ সম্মেলন করতে না দেওয়ার অভিযোগও করেন জামায়াতের এই সংসদ সদস্য। তিনি জানান, দুপুর দেড়টায় সংবাদ সম্মেলনের পূর্বনির্ধারিত সময় থাকলেও প্যাভিলিয়ন কর্তৃপক্ষ অসহযোগিতা করে। এ বিষয়ে পরিবেশ প্রতিমন্ত্রী ও প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবের সঙ্গে আগেই কথা বলে বিষয়টি নিশ্চিত করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, সরকারকে সহযোগিতা করে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের অবস্থান তুলে ধরতেই জামায়াতের প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতের কপ৩১ প্রতিনিধি দলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।