সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন

সুনামগঞ্জে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় শহরের তেঘরিয়ায় হাছন রাজার বাড়িতে নবগঠিত জেলা কমিটির উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান সাইফুল শারফিনের সভাপতিত্বে এবং সদস্যসচিব আলী আসগর ইমনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ তালহা আলম।

এ ছাড়া ভার্চুয়ালি বক্তব্য দেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার জয়নাল আবেদীন, সিলেট মহানগর কমিটির সদস্য নাসির উদ্দিন খান এবং জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক বলেন, ৫ আগস্টের পর দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও ব্যবস্থার পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। দেশে কেবল ক্ষমতার পরিবর্তন হয়েছে, ব্যবস্থার পরিবর্তন হয়নি।

জুলাই বিপ্লবে হতাহতদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এত মানুষের আত্মত্যাগের পরও সাধারণ মানুষের মুক্তি আসেনি। এবি পার্টি কল্যাণ ও সমস্যা সমাধানের রাজনীতি করে। দলটির নেতৃত্বেই আগামী দিনে অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামি থেকে মানুষ মুক্তি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনে জেলা কমিটির নেতাকর্মীসহ বিভিন্ন উপজেলা থেকে আসা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে এবি পার্টির পক্ষ থেকে শান্তিগঞ্জ উপজেলা, জগন্নাথপুর উপজেলা, জগন্নাথপুর পৌরসভা ও জামালগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করা হয়।