সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রণজিৎ সরকারের একটি সমাবেশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সুনামগঞ্জে তারা মিয়াকে আটক করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাহিরপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ এবং মুঠোফোনের অবস্থান শনাক্ত করে তারা মিয়াকে আটক করা হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, রণজিৎ সরকারের সমাবেশের ভিডিওতে তারা মিয়াকে দেখা গেছে। ভিডিও বিশ্লেষণ ও মুঠোফোনের অবস্থান শনাক্তের পর তাকে আটক করা হয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তারা মিয়া রণজিৎ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
এর আগে গত রবিবার সন্ধ্যায় ভারতের সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করে সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে সভা করেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিৎ সরকার। আসনটির অন্তর্ভুক্ত জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর উপজেলা।
পরদিন সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই সভার ৫ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন রণজিৎ সরকার। এতে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকেও দেখা যায়। সভা শেষে কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরে যাওয়ার কথা নিজেই জানিয়েছিলেন রণজিৎ সরকার।