জামালপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৩৫টি ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা ও ১৭টি সার্চলাইট স্থাপন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) জামালপুরের ধানুয়া কামালপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি-৩৫ ব্যাটালিয়নের উদ্যোগে এসব সরঞ্জাম স্থাপন করা হয়।
বিজিবি জানায়, অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার, চোরাচালান ও জোরপূর্বক পুশইনের চেষ্টা প্রতিরোধে সার্চলাইটগুলো সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি করা সম্ভব হবে।
জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা এবং কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারী উপজেলার মধ্য দিয়ে ভারত-বাংলাদেশের ৭২ কিলোমিটার সীমান্ত রয়েছে। এ সীমান্তের নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিজিবি-৩৫ ব্যাটালিয়ন।
সীমান্তবর্তী এসব এলাকায় প্রায়ই মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও জোরপূর্বক পুশইনের চেষ্টা হয়ে থাকে। সম্প্রতি এ ধরনের ঘটনার পর সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে জামালপুর বিজিবি। বিশেষ করে চোরাচালান ও অনুপ্রবেশের ঝুঁকি রয়েছে—এমন স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এরই মধ্যে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ৩৫টি সিসিটিভি ক্যামেরা ও ১৭টি সার্চলাইট বসানো হয়েছে।
বিজিবি-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ব্যাটালিয়নের আওতাধীন ৭২ কিলোমিটার সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে ১৭টি সার্চলাইট ও ৩৫টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির টহল দলের পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালানো হবে। অবৈধ অনুপ্রবেশ ঠেকানো ও চোরাচালান বন্ধের লক্ষ্যেই এসব ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হচ্ছে। এতে আগের তুলনায় সীমান্তে আরও কার্যকর নজরদারি সম্ভব হবে বলে আশা করছি।
পর্যায়ক্রমে পুরো ৭২ কিলোমিটার সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হবে বলেও জানান তিনি।