জমি দখলের অভিযোগে নুসরাত তাবাসসুম জ্যোতির পিতার বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ার দৌলতপুরে এক বছর পূর্বে মব সন্ত্রাস করে ঘরবাড়ি ভাংচুর, মারধর ও উচ্ছেদ করে জমি দখলের অভিযোগ এনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির পিতা আব্দুল হালিম ওরফে টম মাস্টারের নামোল্লেকসহ অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করে করেছেন এক বৃদ্ধ কৃষক। 

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি মো: খালেদুর রহমান জানান, ‘শনিবার বিকেলে উপজেলার বাগোয়ান গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী(৬৭) নামে এক বৃদ্ধ কৃষকের দেয়া এজাহারে মামলা রুজু হয়েছে।  

এজাহারে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিম টমকে একমাত্র আসামি করা হয়েছে। এ ছাড়া এজাহারে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৮ থেকে ১০ জনকে।

মামলার এজাহারের তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিমের আপন ভাই মাহফুজুর রহমার @ মনজু মাষ্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন বাদী ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। পরে ওই জমি জবরদখলের পরিকল্পনা করেন আব্দুল হালিম। এর জের ধরে গত বছর (২০২৫ সাল) ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হালিম ও তার সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান।

এজাহারে অভিযোগ, আব্দুল হালিম সহ ৮ থেকে ১০ জন হামলাকারী লাঠি, লোহার রড, হাতুড়ি, হাঁসুয়া, হাত কুড়াল সহ ইদ্রিস আলীর বসত বাড়ি ঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি সাধন হয়। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে আব্দুল হালিম টম লাঠি দিয়ে মারধর করে। এ ছাড়াও তার ঘর থেকে ৩টি খাট, ১০ বান্ডেল টিন যা প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

বাদী ইদ্রিস আলী এজাহারে উল্লেখ করেন, ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে গত বছরের ১৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা করেন আব্দুল হালিম। ওই মামলায় তাকে জেল খাটতে হয়।

এজাহারে আরও উল্লেখ করেন, জামিনে মুক্তির পর তিনি জানতে পারেন, আব্দুল হালিম তার মেয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে জমিটি দখল করে নিয়েছেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ায় ইদ্রিস আলী সপরিবার এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।

ইদ্রিস আলী এজাহারে আরও উল্লেখ করেন, ১২ নভেম্বর আব্দুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় ইদ্রিস আলী ও তার পরিবারের সদস্যদের মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা চলছে বলেও তিনি জানতে পারেন। ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে এতদিন মামলা করতে পারেননি। তারা পুনরায় তাদের বিরুদ্ধে নতুন ভাবে মিথ্যা মামলা তথ্য পেয়ে আতঙ্কিত হয়ে তিনি থানায় এজাহার দিয়েছেন বলে এজাহারে উল্লেখ করেন ইদ্রিস আলী।


মামলার বিষয়ে নুসরাতের বাবা আব্দুল হালিম  বলেন, ‘মামলার বিষয়টি জানা নেই। আপনাদের মাধ্যমে আমি জানতে পেরেছি। মামলা যদি করে থাকে সেটা তদন্তে এসে প্রমানিত হবে। আইন আইনের গতিতে চলবে। আমার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়া লাগবে।  হয়তো কারও প্ররোচনায় মামলা করেছেন ইদ্রিস আলী।

মামলার বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, আজ (শনিবার) আব্দুল হালিমের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অভিযোগের বিষয়ে তিনি বলেন এটি জমি-জমা সংক্রান্ত।