এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলার অভিযোগ

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ এএম

কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গ্রামের বাড়ি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে প্রতিপক্ষের পেট্টোল বোমা হামলায় ঘটনাটি ঘটেছে বলে এনসিপি নেত্রীর দাবি। 

বুধবার (১১ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় এ ঘটনা ঘটে।  পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই বিষয়টি জানান নুসরাত তাবাসসুম।

পোস্টে নিজের শৈশবের স্মৃতিবিজড়িত বাড়ি পুড়ে যাওয়ার কথা তুলে ধরে তিনি লেখেন, ‘আমার দাদার বানানো বাড়িঘর, আমাদের বড় হওয়া, আগুনে পুড়ে যাওয়া ছাগলের বাচ্চাটার নাম ছিল ‘তারা’।’

পেট্রোল বোমা হামলার কথা উল্লেখ করে নুসরাত লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

এদিকে আগুন নেভানো শেষে ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার কিছু পরে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনের কাজ করে এবং রাত ১টা ৫০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম আগুনের বিষয়টি আমাকে মুঠোফোনে জানালে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন। তবে এই সময়ের মধ্যে আট কক্ষ বিশিষ্ট টিনশেড বাড়িটির ৫টি কক্ষ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে দুটি ছাগল পুড়ে গেছে। 

তিনি জানান, এনসিপি নেত্রীর দাবির সূত্রে ওই বাড়িতে পেট্রল বোমা চালানো হয়েছে কি না সে বিষয়ে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভেড়ামারা ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করছে, তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও বলেন, ‘ঘটনাস্থলের সাথেই নুসরাত তাবাসসুমের মা–বাবা আরেকটি তিন তলা ভবনের তৃতীয় তলায় থাকেন। সেখানে আগুন লাগেনি এবং তার পরিবারের কেউ অগ্নিদগ্ধ বা ক্ষতিগ্রস্ত হননি। আজ বৃহষ্পতিবার দুপুরে নুসরাত তাবাসসুম থানায় এসে লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন তিনি। 

এদিকে আজ সকালেই ঢাকা থেকে কুষ্টিয়ার দৌলতপুরে এসে পৌঁছেছেন নুসরাত তাবাসসুম। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতি–নির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য তিনি।

তার বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা পেট্রল বোমা নিক্ষেপ করেছে বলে এনসিপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে অভিযোগ করা হয়েছে।

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, ‘নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রল বোমা হামলা চালানো হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে এ বিষয়ে বিস্তারিত কথা বলব’

 

সর্বশেষ সর্বাধিক পঠিত