 খুলনায় সন্ত্রাসীদের আধিপত্য

ভয়ের জনপদে স্বস্তি ফেরান

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপদ খুলনা এক সময় ছিল চরমপন্থিদের অভয়ারণ্য। খুন, চাঁদাবাজি, ডাকাতিসহ নেতিবাচক বহুবিধ ঘটনা জনজীবনের শান্তি-স্বস্তি বিঘেœরই শুধু কারণ হয়ে দাঁড়ায়নি, সর্বক্ষণ মানুষের বসবাস ছিল ত্রাসের বৃত্তে। অতীতে স্থানীয় রাজনৈতিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মঞ্জুরুল ইমামসহ অনেকে প্রাণ হারিয়েছেন দুর্বৃত্তদের ছোবলে। ১৪ নভেম্বর ‘আতঙ্কের জনপদ খুলনা, ১০ মাসে ৮ বিএনপি নেতা খুন’ শিরোনামে দেশ রূপান্তরে প্রকাশিত প্রতিবেদনটি সেই দুঃসহ স্মৃতি সামনে নিয়ে এসেছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শিল্পনগরী খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত সাড়ে ১০ মাসে খুলনা মহানগর ও জেলায় অন্তত ৭৯টি খুনের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি খুনের শিকার হয়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। পুলিশের অপরাধ শাখা ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, খুলনায় সংঘটিত ৭৯টি হত্যাকাণ্ডের মধ্যে মহানগর এলাকায় ৩৯ এবং মহানগরের বাইরে ৪০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২৫ জনকে সরাসরি গুলি করে হত্যা করা হয়। বাকিদের ধারালো অস্ত্র দিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির এতটাই অবনতি ঘটেছে যে, তাতে নগর প্রশাসক, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা চরম উৎকণ্ঠিত। সবারই শঙ্কা, পরিস্থিতির উন্নতি না হলে খুলনার জনপদে ত্রাসের ছায়া আরও বিস্তৃত হবে এবং সন্ত্রাসীরাও তাদের দাপট বৃদ্ধির মওকা পাবে। শান্তিপ্রিয় অনেকেই ইতিমধ্যে খুলনা নগরী ছেড়ে বাধ্য হয়ে অনত্র আশ্রয় নিয়েছেন, এই বার্তাও উঠে এসেছে সংবাদমাধ্যমেই। শান্তিপ্রিয়দের দাবি, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে বসবাসের উপযোগী করে তুলতে হবে। খুলনার জনপদজুড়ে যে আতঙ্ক বিরাজ করছে তাতে প্রশ্ন দাঁড়িয়েছে ভয়ের জনপদে কে দেবে স্বস্তি! এর উত্তর জটিল নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর, বিশেষ করে পুলিশের দায় এড়ানোর অবকাশ নেই। যেকোনো জনপদের উন্নয়নের প্রাথমিক শর্ত, সবার আগে জনপদের নাগরিক সমাজের নিরাপত্তা। খুলনা জেলা পুলিশের তথ্যমতে, জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ২৬টি আগ্নেয়াস্ত্র ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই প্রেক্ষাপটে আমাদের শঙ্কা, চরম বা উগ্রপন্থিরা হয়তো ফের তাদের সক্রিয়তার জানান দিচ্ছে। আবার অন্য কোনো কারণও থাকতে পারে, যা গোয়েন্দা অনুসন্ধানে স্পষ্ট হতে হবে।

এই প্রেক্ষাপটে আমরা মনে করি, পুলিশ ও অনান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের পাশাপাশি রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সামাজিক প্রতিরোধ জোরদার করার বিকল্প নেই। যে জনপদে জননিরাপত্তা প্রশ্নের মুখে নিপতিত হবে, সেখানে শুভ অন্য সব প্রত্যাশা দুরাশার নামান্তর মাত্র। অভিযোগ আছে, পুলিশের যথাযথ সক্রিয়তার অভাবে ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে। আমরা মনে করি, উত্থাপিত অভিযোগ খতিয়ে দেখে তাদের জবাবদিহি ও দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি। অপরাধীদের শনাক্ত করার পরও যদি অভিযুক্তদের আইনের আওতায় আনার ক্ষেত্রে গড়িমসি লক্ষণীয় হয় তাহলে এর দায় কার? এসব প্রশ্নের উত্তর দেবে কারা? এও খতিয়ে দেখা জরুরি, দায়িত্বশীল মহলের অসাধুদের সঙ্গে সমাজবিরোধীদের যোগসাজশ আছে কিনা। এ ব্যাপারে কোনো কোনো ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা প্রীতিকর নয়। খুলনার পরিবেশ ভীতিমুক্ত করতে যা কিছু করা বাঞ্ছনীয় তা করতে হবে সময়ক্ষেপণ না করে। 

অপরাধী চক্রের শিকড় উৎপাটনে প্রশাসনের সমন্বিত পদক্ষেপের বিকল্প নেই। একটি জনপদের অধিবাসীরা যদি স্বস্তি-শান্তির পরিবর্তে জীবনের সুরক্ষার প্রশ্নে উৎকণ্ঠিত থাকেন তাহলে সেই জনপদ প্রাণহীন হতেও বাধ্য। এমন কোনো শঙ্কার ছায়া যাতে প্রলম্বিত না হয় তা নিশ্চিত করার দায় সর্বাগ্রে বর্তায় সরকারের ওপর। খুলনার বর্তমান পরিস্থিতি নতুন নয়, মধ্যে কিছুটা স্থিতিশীল ছিল, পার্থক্য শুধু এটুকুই। খুলনার অপরাধ জগতের এক বহুমাত্রিক চক্র গড়ে ওঠার সংবাদও ইতিপূর্বে সংবাদমাধ্যমেই উঠে এসেছে। আমরা দেখছি, রাজনৈতিক পটপরিবর্তনের পর একশ্রেণির প্রভাবশালী রাজনৈতিক নেতার ছায়াতলে নতুন করে আবারও সক্রিয় হয় অপরাধী চক্রগুলো। এই চক্রগুলো তাদের রাজনৈতিক শক্তি এবং বিদ্যমান প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতাকে কাজে লাগিয়ে পুরো জনপদকে ভীতসন্ত্রস্ত করে তোলে। স্থায়ীভাবে এর নিরসনে রাজনৈতিক অঙ্গীকারও সমগুরুত্বপূর্ণ।