একজন মানুষ লাখ লাখ ভোট পেয়ে সংসদে নির্বাচিত হন। কিন্তু ভোটে জয়ী হওয়া আর একজন কার্যকর আইনপ্রণেতা হয়ে ওঠা কি একই বিষয়? সংসদে বাজেট, করনীতি, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং, শ্রমবাজার, প্রযুক্তি, পররাষ্ট্রনীতি কিংবা সংবিধান নিয়ে যখন আলোচনা হয়, তখন রাজনৈতিক ম্যান্ডেটের পাশাপাশি প্রয়োজন তথ্য, গবেষণা, নীতিগত জ্ঞান, দূরদর্শিতা এবং বিচারবোধও। অথচ সংসদে ৩৫০ জন সদস্য থাকলেও এসব বিষয়ে বিস্তারিত তথ্য, গবেষণা ও নীতিগত যুক্তি নিয়ে কথা বলতে দেখা যায় তুলনামূলকভাবে হাতেগোনা কয়েকজনকে। আধুনিক সংসদীয় ব্যবস্থায় কোনো এমপির বৈধতার উৎস জনগণের ভোট। কিন্তু তার আইনপ্রণয়নের সক্ষমতা ভোটের ফল দিয়ে পরিমাপ করা হয় না। বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক ব্যবস্থায় এমপি হওয়ার আগে আইন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান বা জননীতিতে কোনো বাধ্যতামূলক ডিগ্রি কিংবা পেশাগত পরীক্ষা নেই।
ভারতে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য নাগরিকত্ব ও ন্যূনতম ২৫ বছর বয়সসহ সাংবিধানিক যোগ্যতা রয়েছে। অস্ট্রেলিয়ায় ফেডারেল সংসদের প্রার্থী হওয়ার জন্য ১৮ বছর বয়স, অস্ট্রেলীয় নাগরিকত্ব এবং ভোটার হওয়ার যোগ্যতা প্রয়োজন। জার্মানিতে বুন্ডেসটাগের প্রার্থী হওয়ার ক্ষেত্রেও মূল কাঠামো নাগরিকত্ব ও বয়সভিত্তিক। যুক্তরাজ্যেও এমপি হওয়ার জন্য নির্দিষ্ট ডিগ্রি বাধ্যতামূলক নয়। গণতন্ত্রের একটি মৌলিক দর্শন হচ্ছে, রাষ্ট্রের আইন তৈরির অধিকার কেবল শিক্ষিত পেশাজীবীদের হাতে দেওয়া যায় না। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক, সমাজকর্মী বা স্থানীয় রাজনৈতিক কর্মীও জনগণের প্রতিনিধি হতে পারেন। জনগণ কাকে নিজেদের প্রতিনিধি মনে করছে, সেটিই নির্বাচনের কেন্দ্রীয় বিষয়। কিন্তু নির্বাচনের পর আইন প্রণয়নের অধ্যায় শুরু হয়।
বিশে^র উন্নত সংসদগুলোয় একটি ভিন্ন ধরনের ব্যবস্থা তৈরি আছে। তারা এমপিকে বিশেষজ্ঞ বানানোর দায়িত্ব ভোটারের ওপর ছেড়ে দেয়নি। সংসদের ভেতরে কমিটি, গবেষণা বিভাগ, বিশেষজ্ঞ শুনানি, আইনগত পরামর্শ, নীতি বিশ্লেষণ এবং প্রমাণ যাচাইয়ের প্রতিষ্ঠান তৈরি করেছে। জার্মান বুন্ডেসটাগে পূর্ণাঙ্গ অধিবেশনের বিতর্কের আগে বিষয়গুলো দলীয় ও সংসদীয় কার্যকরী গোষ্ঠী এবং কমিটিতে বিস্তারিতভাবে প্রস্তুত হয়। অর্থাৎ এমপি সবকিছু জানবেন, এমন প্রত্যাশা করা হয় না। প্রত্যাশা হলো, তিনি জানবেন কীভাবে জানতে হয়। বাংলাদেশের সংসদেও কমিটির কাঠামো আছে। আইপিইউর তথ্য অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৬ সালের সময়সীমায় বাংলাদেশের সংসদে ৫০টি স্থায়ী কমিটি ছিল। ভারতের লোকসভায় ৫৭টি এবং যুক্তরাজ্যের হাউজ অব কমন্সে ৩৭টি স্থায়ী কমিটি রয়েছে। আপাতদৃষ্টিতে বাংলাদেশের সংসদে স্থায়ী কমিটির সংখ্যা বেশি হলেও বাস্তবে এই তাত্ত্বিক কাঠামোর সামনে একটি সাংবিধানিক বাস্তবতা আছে। সেটি হচ্ছে ৭০ অনুচ্ছেদ।
বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত এমপি দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হয়ে যায়। এর ফলে একজন এমপির ব্যক্তিগত বিচারবুদ্ধি ও দলীয় সিদ্ধান্তের মধ্যে সংঘাত তৈরি হলে সাংবিধানিক শাস্তির ঝুঁকি তার নিজের আসন হারানো পর্যন্ত পৌঁছে যায়। অন্যদিকে যুক্তরাজ্যের সংসদীয় সংস্কৃতিতে দলের বিপক্ষে ভোট দেওয়া এমপিদের জন্য স্বাভাবিক ঘটনা। ব্যাকবেঞ্চ বিদ্রোহ সেখানে সংসদীয় রাজনীতির স্বীকৃত অংশ। ফলে দলীয় শৃঙ্খলা থাকলেও যেকোনো এমপির স্বাধীন রাজনৈতিক অবস্থান প্রকাশের কিছু প্রাতিষ্ঠানিক জায়গা থাকে। তাই যুক্তরাজ্য, জার্মানি কিংবা অস্ট্রেলিয়ার সংসদীয় কমিটি ও গবেষণা ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের তুলনা আসলে বাস্তবতাবহির্ভূত। আরেকটি বাস্তবতা হচ্ছে, বাংলাদেশে অধিকাংশ গুরুত্বপূর্ণ আইন তৈরির প্রাথমিক কাজ সংসদে শুরু হয় না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আমলাতন্ত্রে বিলের খসড়া তৈরি হয়। সংসদে আসার সময় অনেক ক্ষেত্রে তার মূল কাঠামো ইতিমধ্যে নির্ধারিত।
একজন এমপি কতটি বিল পড়েছেন, কতটি সংশোধনী দিয়েছেন, কতটি কমিটির বৈঠকে সক্রিয় ছিলেন, কতবার বিশেষজ্ঞ মতামত নিয়েছেন, কতটি প্রশ্ন করেছেন, কতবার সরকারের তথ্য চ্যালেঞ্জ করেছেন। এসব তথ্য যদি নিয়মিতভাবে নাগরিকের কাছে প্রকাশিত না হয়, তাহলে সূচকগুলো কাগজে সুন্দর থাকলেও জনগণ আইন প্রণেতা হিসেবে কাউকে আলাদা করতে পারেন না। যুক্তরাজ্যে দে ওয়ার্ক ফর ইউ ডটকমের মতো স্বাধীন প্ল্যাটফর্ম এমপিদের বক্তব্য, ভোট ও সংসদীয় কার্যক্রম নাগরিকের সামনে সহজভাবে তুলে ধরে। বাংলাদেশে এমন শক্তিশালী স্বাধীন ট্র্যাকিং ব্যবস্থা এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও আছে একই সমস্যা। জনগণ শেষ পর্যন্ত যাদের মধ্য থেকে বেছে নেয়, সেই তালিকাটি প্রথমে তৈরি করে রাজনৈতিক দলগুলো। দলীয় মনোনয়ন ব্যবস্থায় অর্থ, রাজনৈতিক প্রভাব, সাংগঠনিক আনুগত্য ও স্থানীয় ক্ষমতার সম্পর্ক কতটা কাজ করে, সেটি বাংলাদেশের নির্বাচনী রাজনীতির দীর্ঘদিনের বাস্তবতা। ফলে ‘জনগণ যোগ্য প্রতিনিধি বেছে নেয়’ এটা বলার সুযোগ নেই। বরং বলা যায় রাজনৈতিক দলগুলোর নির্ধারণ করা প্রার্থী থেকেই জনগণ মন্দের ভালো একজনকে বেছে নেন।
সমস্যা হলো, ভোটকে আমরা প্রায়ই আইন প্রণয়নের সক্ষমতার প্রমাণ হিসেবে ধরে নিই। ভোট আসলে তা নয়। ভোট রাজনৈতিক বৈধতা দেয়। আইন প্রণয়নের সক্ষমতা তৈরি হয় শিক্ষা, গবেষণা, অভিজ্ঞতা, বিতর্ক, দূরদর্শিতা, জনসম্পৃক্ততা, স্বাধীন বিচারবুদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সহায়তার মধ্য দিয়ে। প্রশ্ন হচ্ছে, কাঠামো থাকলেই কি সংসদ কার্যকর আইন প্রণেতার সংসদ হয়ে যায়? উত্তরটি সহজে দেওয়া যায় না। তুলনামূলক সংসদীয় গবেষণায় দেখা যায়, কোনো দেশই আইন প্রণেতার দক্ষতা নিশ্চিত করার জন্য একটি নিখুঁত মডেল তৈরি করতে পারেনি। গণতন্ত্রের যৌক্তিকতা হচ্ছে, জনগণ বিশেষজ্ঞ নির্বাচন করে না। জনগণ প্রতিনিধি নির্বাচন করে। তারপর রাষ্ট্রের দায়িত্ব সেই প্রতিনিধিকে আইন প্রণয়নের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া।
লেখক : রাজনৈতিক কর্মী ও কলাম লেখক